
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: জাতীয় সংসদে বক্তব্য দেওয়ার সময় কাগজ দেখে পড়ে শোনানো অনুমোদিত নয় বলে জানিয়েছেন সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ। তিনি সংসদ সদস্যদের নোট দেখে বা মুখস্থভাবে বক্তব্য দেওয়ার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানিয়েছেন।
রোববার সংসদের অধিবেশনের দ্বিতীয় দিনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় অংশ নেওয়া কয়েকজন সংসদ সদস্যকে উদ্দেশ্য করে তিনি এ নির্দেশনা দেন।
অধিবেশন চলাকালে বরগুনা-১ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের সংসদ সদস্য মো. অলিউল্লাহ বক্তব্য দেওয়ার সময় কাগজ দেখে পড়ছিলেন। এ সময় স্পিকার তাকে উদ্দেশ্য করে বলেন, সংসদে দেখে দেখে বক্তব্য পড়া অনুমোদিত নয়। নোট দেখে মূল বিষয় মনে রেখে সংসদের দিকে তাকিয়ে বক্তব্য দেওয়ার অনুশীলন করতে হবে।
স্পিকার আরও বলেন, শুধু ওই সংসদ সদস্য নন, অধিবেশন চলাকালে আরও কয়েকজন সদস্যকেও কাগজ দেখে বক্তব্য দিতে দেখা গেছে। তার আগের বক্তাও একইভাবে বক্তব্য দিয়েছেন উল্লেখ করে তিনি বলেন, সংসদে এ ধরনের রীতি প্রচলিত নয়। ভবিষ্যতে এমপিদের এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
স্পিকারের এই নির্দেশনার পর কয়েকজন সংসদ সদস্য কিছুটা অস্বস্তিতে পড়েছেন বলে জানা গেছে। কারণ অনেকেই আগে থেকে দীর্ঘ বক্তব্য লিখে এনে কাগজ দেখে পড়ে থাকেন। এখন থেকে সংসদের নিয়ম মেনে নোট দেখে সরাসরি বক্তব্য দেওয়ার প্রস্তুতি নিতে হবে।
সংসদের কার্যপ্রণালি বিধি অনুযায়ী, কোনো সংসদ সদস্য লিখিত বক্তব্য পাঠ করতে চাইলে আগে স্পিকারের অনুমতি নেওয়া বাধ্যতামূলক।


























