
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্র সংস্কারমূলক বিভিন্ন অধ্যাদেশ বাতিল ও সংশোধনের সিদ্ধান্তকে তীব্র সমালোচনা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির অভিযোগ, এসব পদক্ষেপের মাধ্যমে জনগণের দীর্ঘদিনের দাবি ও আকাঙ্ক্ষাকে উপেক্ষা করা হচ্ছে।
সোমবার (১৩ এপ্রিল) রাজধানীর মগবাজারে দলীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে দলটির শীর্ষ নেতারা এসব মন্তব্য করেন। আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও চিফ হুইপের সাম্প্রতিক বক্তব্যের প্রতিবাদে এই সংবাদ সম্মেলন আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে দলটির নেতারা বলেন, বিগত সময়ে জারি করা বিভিন্ন সংস্কারমূলক অধ্যাদেশের মধ্যে গুরুত্বপূর্ণ অংশ বাতিল বা সংশোধন করা হয়েছে, যা রাষ্ট্রীয় সংস্কার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে। তাদের দাবি, বিচার বিভাগের স্বাধীনতা, মানবাধিকার এবং প্রশাসনিক সংস্কারের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো এতে ক্ষতিগ্রস্ত হয়েছে।
আইনজীবী শিশির মনির বলেন, কিছু আইন ও অধ্যাদেশের ব্যাখ্যা ও প্রয়োগ নিয়ে গুরুতর অসঙ্গতি দেখা যাচ্ছে। তার মতে, গুম সংক্রান্ত আইন ও মানবাধিকার কমিশনের কার্যকারিতা নিয়ে সরকারের অবস্থান প্রশ্নবিদ্ধ।
তিনি আরও বলেন, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে পৃথক সচিবালয় গঠন অত্যন্ত জরুরি। না হলে বিচার ব্যবস্থার স্বচ্ছতা ও জবাবদিহিতা ক্ষতিগ্রস্ত হবে।
সংবাদ সম্মেলনে সতর্ক করে বলা হয়, জনগণের প্রত্যাশিত সংস্কার বাস্তবায়ন না হলে রাজনৈতিক অস্থিরতা তৈরি হতে পারে, যার দায় সরকারকেই নিতে হবে।































