
আওয়ার টাইমস নিউজ।
অর্থনীতি ডেস্ক: দেশের বাজারে আবারও কমানো হয়েছে স্বর্ণ ও রুপার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নতুন করে মূল্য সমন্বয় করায় রোববার থেকে কম দামে বিক্রি হচ্ছে মূল্যবান এই ধাতু দুটি।
বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ ও রুপার দাম কমে যাওয়ায় নতুন করে মূল্য নির্ধারণ করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী স্বর্ণের দাম ভরিতে সর্বোচ্চ ২ হাজার ৬৮৩ টাকা পর্যন্ত কমানো হয়েছে। একই সঙ্গে রুপার দামও ভরিতে কমেছে প্রায় ২৯২ টাকা।
নতুন দামে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ৬২ হাজার ২৬৫ টাকায়। ২১ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫০ হাজার ৩৬৮ টাকা। ১৮ ক্যারেট স্বর্ণ প্রতি ভরি বিক্রি হচ্ছে ২ লাখ ১৪ হাজার ৬১৮ টাকায়। আর সনাতন পদ্ধতির স্বর্ণের দাম পড়ছে প্রতি ভরি ১ লাখ ৭৪ হাজার ৭৮৫ টাকা।
এর আগে গত ১৩ মার্চও স্বর্ণের দাম কমানো হয়েছিল। সে সময় ২২ ক্যারেট স্বর্ণের দাম ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে ২ লাখ ৬৪ হাজার ৯৪৮ টাকা নির্ধারণ করা হয়েছিল।
বাজুস জানিয়েছে, বাজার পরিস্থিতি বিবেচনায় শনিবার সকাল ১০টা থেকে নতুন এই দাম কার্যকর করা হয়েছে।



























