
আওয়ার টাইমস নিউজ।
অর্থনীতি ডেস্ক: ব্যক্তিগত ব্যবহারের স্বর্ণ ও স্বর্ণালংকার বিক্রির ক্ষেত্রে নতুন করনীতি চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে সোনা বিক্রি করে যদি কোনো মুনাফা হয়, সেই আয়ের ওপর ১৫ শতাংশ হারে কর দিতে হবে।
রোববার রাজধানীতে আয়োজিত অর্থ বিল বিষয়ক এক সেমিনারে এনবিআরের কর্মকর্তারা এ তথ্য জানান।
এনবিআরের পক্ষ থেকে জানানো হয়, ব্যক্তিগত স্বর্ণালংকারকে এখন আর শুধু ব্যক্তিগত সম্পদ হিসেবে নয়, বরং মূলধনি সম্পদ হিসেবে বিবেচনা করা হবে। ফলে বিক্রির মাধ্যমে অর্জিত লাভ করের আওতায় আসবে।
কর্মকর্তারা বলেন, অনেক করদাতা আয়কর রিটার্নে স্বর্ণালংকারের তথ্য উল্লেখ করলেও প্রকৃত মূল্য সঠিকভাবে দেখান না। এতে কর ফাঁকির সুযোগ তৈরি হয়। নতুন নিয়মের মাধ্যমে এই অনিয়ম কমানো সম্ভব হবে বলে মনে করছে সংস্থাটি।
এনবিআর আরও জানায়, আন্তর্জাতিক কর ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্বের অনেক দেশেই স্বর্ণকে বিনিয়োগযোগ্য সম্পদ হিসেবে ধরা হয় এবং এর বিক্রয়লাভের ওপর কর আরোপ করা হয়।
এদিকে এনবিআরের চেয়ারম্যান জানান, চলতি বাজেটে কালোটাকা সাদা করার কোনো সুযোগ রাখা হয়নি। পাশাপাশি রাজস্ব আদায় বাড়াতে বিভিন্ন খাতে কর কাঠামো আধুনিক করার কাজ চলছে।
নতুন এই নিয়ম কার্যকর হলে ব্যক্তিগত স্বর্ণ বিক্রির ক্ষেত্রে কর ব্যবস্থায় বড় পরিবর্তন আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।




























