
আওয়ার টাইমস নিউজ।
জাতীয় ডেস্ক: ১৯৭১ সালের ২৫ মার্চের গণহত্যাকে একটি সুপরিকল্পিত ও নৃশংস হত্যাযজ্ঞ হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গণহত্যা দিবস উপলক্ষে দেওয়া এক বার্তায় তিনি শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং এই দিনটিকে জাতির ইতিহাসে এক কালো অধ্যায় হিসেবে উল্লেখ করেন।
প্রধানমন্ত্রী বলেন, ২৫ মার্চের সেই ভয়াল রাতে পাকিস্তানি দখলদার বাহিনী ‘অপারেশন সার্চলাইট’-এর নামে নিরস্ত্র বাঙালির ওপর নির্মম হত্যাযজ্ঞ চালায়। ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজারবাগ পুলিশ লাইন, পিলখানাসহ দেশের বিভিন্ন স্থানে শিক্ষক, বুদ্ধিজীবী ও সাধারণ মানুষের ওপর নির্বিচারে হামলা চালানো হয়।
তিনি আরও বলেন, এ হত্যাযজ্ঞ ছিল পরিকল্পিত এবং সংগঠিত। তবে সেই রাতেই প্রতিরোধের সূচনা ঘটে এবং ধীরে ধীরে তা রূপ নেয় দীর্ঘ নয় মাসের সশস্ত্র মুক্তিযুদ্ধে, যার মাধ্যমে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ঘটে।
প্রধানমন্ত্রী ভবিষ্যৎ প্রজন্মের কাছে এই ইতিহাস তুলে ধরার ওপর গুরুত্বারোপ করে বলেন, স্বাধীনতার প্রকৃত মূল্য ও তাৎপর্য বুঝতে হলে ২৫ মার্চের ঘটনাবলি জানা অত্যন্ত জরুরি।
বার্তার শেষাংশে তিনি মহান আল্লাহর কাছে শহিদদের মাগফিরাত কামনা করেন এবং গণহত্যা দিবস উপলক্ষে গৃহীত সব কর্মসূচির সফলতা প্রত্যাশা করেন।





























