আওয়ার টাইমস নিউজ।
রাজনীতি ও দেশজুড়ে: ডিসেম্বর মাসকে কেন্দ্র করে নানা ধরনের গুজব ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করার গভীর পাঁয়তারা চালানো হচ্ছে বলে মন্তব্য করেছেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য এবং জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল।
গতকাল রোববার (১৫ নভেম্বর ২০২৬) ফরিদপুরের সদরপুর উপজেলা স্টেডিয়াম মাঠে আয়োজিত আব্দুস সামাদ মুন্সি ইসলামিয়া মাদরাসার ১৬তম বার্ষিক ওয়াজ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বক্তব্যে শহিদুল ইসলাম বাবুল স্পষ্টভাবে বলেন, গণবিক্ষোভের মুখে পালিয়ে যাওয়া কোনো রাজনৈতিক শক্তির এত অল্প সময়ের ব্যবধানে ফিরে এসে পুনরায় রাষ্ট্রের নেতৃত্ব দেওয়ার নজির পৃথিবীর ইতিহাসে কোথাও নেই।
কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনটির সমালোচনা করে তিনি বলেন, জনগণের সঙ্গে সম্পৃক্ত না হয়ে তারা এখন সন্ত্রাস ও নৈরাজ্যের পথ বেছে নিয়েছে। সম্প্রতি ফরিদপুরে বাসে অগ্নিসংযোগের ঘটনায় একজনের প্রাণহানির জন্যও তিনি ওই সংগঠনটিকে দায়ী করেন এবং এই নৃশংস ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস দেন।
এমপি বাবুল আরও বলেন, নিষিদ্ধ সংগঠনটি নাশকতা ও গুজবের মাধ্যমে দেশে অরাজকতা তৈরির অপচেষ্টা চালাচ্ছে। তবে বাংলাদেশের সাধারণ মানুষ এখন অত্যন্ত সচেতন এবং সজাগ রয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুতই এসব নাশকতাকারীকে চিহ্নিত করে গ্রেপ্তার করতে সক্ষম হবে বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সদরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী বদরুতজামান বদু, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বাহালুল মাতুব্বর, উপজেলা যুবদল নেতা মুন্সী ইসারতসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।

