আওয়ার টাইমস নিউজ।
সারাদেশ ডেস্ক: পিরোজপুরের ভাণ্ডারিয়ায় বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা দুটি যাত্রীবাহী বাসে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে বাসের ভেতরে ঘুমিয়ে থাকা সিয়াম নামের এক হেলপার নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দিনগত গভীর রাতে এই মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দিনগত রাত পৌনে চারটার দিকে ভাণ্ডারিয়া বাসস্ট্যান্ডে অবস্থানরত ‘বাহক’ ও ‘লিসা’ পরিবহনের দুটি বাসে হঠাৎ আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, তিনটি মোটরসাইকেলে করে এসে দুর্বৃত্তরা বাস দুটিতে আগুন লাগিয়ে পালিয়ে যায়। মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে এবং বাসের ভেতর ঘুমিয়ে থাকা হেলপার সিয়াম অগ্নিদগ্ধ হয়ে মারা যান।
এ সময় টহলরত পুলিশ সদস্যরা দ্রুত এগিয়ে এসে আশপাশের বাসগুলোতে ঘুমিয়ে থাকা অন্যান্য লোকজনকে ডেকে নিরাপদে সরিয়ে নেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন এবং বাসের ভেতর থেকে নিহত হেলপারের মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেন। নিহত সিয়ামের বাড়ি বরিশালের উজিরপুর উপজেলায় বলে জানা গেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাণ্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসিবুল হাসান এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জগলুল হাসান জানান, খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত ঘটনাস্থলে যায়। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এদিকে প্রাথমিক তথ্যে জানা গেছে, আগুনে পুড়ে যাওয়া লিসা পরিবহনের মালিক ঝালকাঠি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি মো. শাহ আলম সরদার এবং বাহক পরিবহনের মালিক অমিত পাল। গভীর রাতে এমন নাশকতামূলক কর্মকাণ্ডে এলাকায় চরম আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে।

