
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের জন্য সর্বোচ্চ সুযোগ-সুবিধা নিশ্চিত করতে দেশটির সরকারের সঙ্গে আলোচনা করবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (২১ জুন) রাতে কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, প্রবাসীদের শুধু দাবি নয়, দেশের প্রতি নিজেদের দায়িত্ব নিয়েও ভাবতে হবে। সবাইকে দেশের উন্নয়ন ও অগ্রগতিতে অবদান রাখার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, দীর্ঘদিনের নানা অনিয়ম ও দুর্নীতির কারণে দেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশ পুনর্গঠনে কাজ করতে হবে।
মতবিনিময় অনুষ্ঠানে দেশের উন্নয়ন নিয়ে নিজের বিভিন্ন পরিকল্পনা তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি পরিবারভিত্তিক সহায়তা কর্মসূচি, কৃষকদের জন্য বিশেষ সুবিধা এবং জলাশয় ও খাল পুনরুদ্ধারসহ বিভিন্ন উদ্যোগের কথা উল্লেখ করেন।
বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করে তারেক রহমান বলেন, দেশের সামনে উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। তবে সেই লক্ষ্য অর্জনে কঠোর পরিশ্রম, ধৈর্য ও সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।
প্রবাসীদের উদ্দেশে তিনি আরও বলেন, দেশের প্রতি যেমন তাদের প্রত্যাশা রয়েছে, তেমনি দেশের প্রতিও তাদের দায়িত্ব রয়েছে। শুধু কী পাওয়া যাবে তা নয়, দেশের জন্য কী করা যায় সেই চিন্তাও করতে হবে।
প্রধানমন্ত্রী জানান, মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশিদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে তিনি মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন এবং দেশটির আইনের আওতায় থেকে সর্বোচ্চ সুবিধা আদায়ের চেষ্টা করবেন।
দুই দিনের সরকারি সফরে থাকা প্রধানমন্ত্রী সোমবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী Anwar Ibrahim–এর সঙ্গে বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে।



























