
আওয়ার টাইমস নিউজ।
প্রবাস ডেস্ক: দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশে একটি দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ছয় বাংলাদেশির মৃত্যু হয়েছে। গভীর রাতে ঘটে যাওয়া এই মর্মান্তিক ঘটনায় আরও একজন বাংলাদেশি গুরুতর দগ্ধ হয়েছেন এবং তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সময় সোমবার দিবাগত রাত প্রায় ৩টার দিকে কুইন্সটাউনের বর্তমান কোমানি শহর থেকে প্রায় ১৫০ কিলোমিটার দূরের সমো এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, দোকানের ভেতরে থাকা আবাসিক কক্ষে সাতজন বাংলাদেশি ঘুমিয়ে ছিলেন। রাতের কোনো এক সময় আগুন দ্রুত ছড়িয়ে পড়লে তারা বের হওয়ার সুযোগ পাননি। ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয়।
গুরুতর আহত একজনকে দ্রুত উদ্ধার করে কুইন্সটাউনের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন।
নিহতদের মধ্যে মো. ফয়সাল, মো. ফাহিম, শামীম হাসান ও মোহাম্মদ আপনের পরিচয় নিশ্চিত হয়েছে। বাকি দুইজনের পরিচয় নিশ্চিত করতে কাজ করছে স্থানীয় কর্তৃপক্ষ।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহতদের সবার বাড়ি বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা উপজেলার কুতুবপুর ইউনিয়নের কুরুগেশ্বর এলাকায়।
অগ্নিকাণ্ডের কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। দক্ষিণ আফ্রিকার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা জানতে তদন্ত শুরু করেছে।
এই দুর্ঘটনার খবরে দক্ষিণ আফ্রিকায় বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন প্রবাসী সংগঠন নিহতদের রুহের মাগফিরাত কামনা করেছে এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।
এর আগেও দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে বাংলাদেশিদের প্রাণহানির একাধিক ঘটনা ঘটেছে। প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপের প্রয়োজনীয়তার বিষয়টি আবারও সামনে এসেছে।
সূত্র: যুগান্তর, স্থানীয় পুলিশ, দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি প্রবাসী সূত্র




























