
আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদের নামে যুক্তরাষ্ট্র ও মালয়েশিয়ায় থাকা সম্পদ ও ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিব সোমবার এই আদেশ দেন।
আদালতের আদেশ অনুযায়ী, যুক্তরাষ্ট্রে বেনজীর আহমেদের নামে থাকা দুটি স্থাবর সম্পদ জব্দ করা হবে। একই সঙ্গে দেশটির স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে থাকা দুটি এবং মালয়েশিয়ার সিআইএমবি ইসলামিক ব্যাংকে থাকা দুটি অ্যাকাউন্টও স্থগিত করা হয়েছে।
দুদকের উপপরিচালক মো. হাফিজুল ইসলাম আদালতে দাখিল করা আবেদনে উল্লেখ করেন, বেনজীর আহমেদের বিরুদ্ধে ৯ কোটি ৪৪ লাখ ৬৪ হাজার ৭৫১ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা হয়েছে, যা তিনি পুলিশের আইজিপি হিসেবে দায়িত্ব পালনকালে অবৈধভাবে অর্জন করেছেন। মামলাটি বর্তমানে তদন্তাধীন।
আবেদনে আরও বলা হয়েছে, বেনজীর আহমেদ নিজের ও স্বজনদের নামে থাকা সম্পদ হস্তান্তরের চেষ্টা করছেন, যা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্তের প্রক্রিয়াকে বিঘ্নিত করতে পারে। তাই চার্জশিট দাখিলের আগেই এসব সম্পদ জব্দের আবেদন জানানো হয়।
উল্লেখ্য, বেনজীর আহমেদ ২০২০ সালের ১৫ এপ্রিল থেকে ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ছিলেন। এর আগে তিনি ঢাকা মহানগর পুলিশ কমিশনার এবং র্যাবের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। গত বছরের ৪ মে সপরিবারে দেশ ছেড়েছেন তিনি। ইতিমধ্যে তার বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশও দিয়েছে আদালত।





























