
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: কক্সবাজার সমুদ্র সৈকত পরিদর্শন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার বিকেলে সুগন্ধা পয়েন্টে গিয়ে তিনি সৈকতে অবৈধ স্থাপনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং নির্দেশ দেন, সৈকত দখল করে গড়ে ওঠা বালিয়াড়িতে আর কোনো স্থাপনা থাকবে না।
মন্ত্রী জানান, ইতোমধ্যে ভাসমান দোকানসহ বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। পর্যায়ক্রমে নাজিরারটেক থেকে টেকনাফ পর্যন্ত সমুদ্র সৈকত পরিষ্কার করা হবে। তিনি প্রকৃত ক্ষুদ্র ব্যবসায়ীদের পুনর্বাসনের ব্যবস্থা করতে প্রশাসনকে নির্দেশ দেন। এছাড়া সৈকতে পর্যটকদের নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে এবং পরিচ্ছন্নতা বজায় রাখতে প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
এর আগে ৯ মার্চ জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা কমিটির সভায় স্বরাষ্ট্রমন্ত্রী এক সপ্তাহের মধ্যে সমুদ্র সৈকতের বালিয়াড়িতে অবৈধ স্থাপনা উচ্ছেদ করার নির্দেশ দেন। এরপর সুগন্ধা ও কলাতলীতে ৫ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। উচ্ছেদকৃত স্থান পরিদর্শনের জন্যই স্বরাষ্ট্রমন্ত্রী রোববার সৈকতে উপস্থিত হন।
পরিদর্শনে সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল, শাহজাহান চৌধুরী, জেলা প্রশাসক এটিএম নুরুল বশর চৌধুরী, জেলা প্রশাসক মো. আ. মান্নান, পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমানসহ বিএনপির জেলা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।





























