
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের বন্দরগুলোকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র নতুন করে কঠোর পদক্ষেপ নিয়েছে। সোমবার থেকে দেশটির উপকূলীয় অঞ্চল ও গুরুত্বপূর্ণ বন্দরগুলোতে কার্যত অবরোধ শুরু হয়েছে বলে জানা গেছে।
মার্কিন সামরিক সূত্র জানিয়েছে, এই পদক্ষেপের ফলে ইরানের বন্দরে কোনো জাহাজ প্রবেশ বা বের হতে পারবে না। এমনকি বর্তমানে অবস্থান করা জাহাজগুলোর চলাচলেও বিধিনিষেধ আরোপ করা হয়েছে। নির্দেশনা অমান্য করলে কঠোর ব্যবস্থা নেওয়ার সতর্কতাও দেওয়া হয়েছে।
এতে আরব সাগর ও ওমান উপসাগর সংলগ্ন ইরানের সামুদ্রিক কার্যক্রম বড় ধরনের চাপে পড়তে পারে বলে মনে করা হচ্ছে। তবে ইরান ছাড়া অন্য দেশের গন্তব্যে চলাচলকারী জাহাজগুলোকে এই নিষেধাজ্ঞার বাইরে রাখা হয়েছে।
সম্প্রতি দুই দেশের মধ্যে কূটনৈতিক আলোচনা ব্যর্থ হওয়ার পর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। এর পরপরই এমন কঠোর সিদ্ধান্ত সামনে আসে, যা পুরো অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতিকে নতুন করে আলোচনায় নিয়ে এসেছে।
বিশ্লেষকদের মতে, এই অবরোধ দীর্ঘস্থায়ী হলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ এবং আন্তর্জাতিক বাণিজ্যে বড় ধরনের প্রভাব পড়তে পারে। বিশেষ করে হরমুজ প্রণালিকে ঘিরে উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।
সূত্র: রয়টার্স





























