
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: কুয়েত, মালয়েশিয়া ও লিবিয়া, এই তিন দেশ থেকে একদিনে মোট ৩৪ জন বাংলাদেশি প্রবাসীর মরদেহ দেশে ফিরেছে। শনিবার (১৮ এপ্রিল) পৃথক ফ্লাইটে মরদেহগুলো ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, মরদেহগুলোর সবই প্রবাসীদের স্বাভাবিক মৃত্যুর ঘটনা। তবে মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন অঞ্চলের পরিস্থিতির কারণে অনেক মরদেহ দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট দেশে আটকে ছিল।
সবচেয়ে বেশি মরদেহ এসেছে কুয়েত থেকে। একটি চার্টার্ড ফ্লাইটে একসঙ্গে ৩০ জন প্রবাসীর মরদেহ দেশে আনা হয়। পাশাপাশি লিবিয়া ও মালয়েশিয়া থেকে আরও চারজনের মরদেহ পৃথক ফ্লাইটে আসে।
বিমানবন্দরে পৌঁছানোর পর মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। এ সময় সরকারের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের পক্ষ থেকে প্রতিটি পরিবারকে দাফন ও আনুষঙ্গিক খরচ হিসেবে ৩৫ হাজার টাকা করে সহায়তা দেওয়া হয়।
কর্মকর্তারা জানান, যেসব প্রবাসীর পরিবার অন্যান্য বীমা বা আর্থিক সুবিধার আওতায় পড়বে, সেগুলো দ্রুত প্রদান করা হবে।
একদিনে এত সংখ্যক মরদেহ দেশে ফেরায় প্রবাসী পরিবারগুলোতে শোকের ছায়া নেমে এসেছে।





























