
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: লেবানন ও সিরিয়ার সীমান্তবর্তী এলাকায় নতুন করে বসতি স্থাপনের চেষ্টা ঘিরে উত্তেজনা বেড়েছে। স্থানীয় সূত্র ও আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি উগ্রপন্থীদের একটি দল সীমান্ত অতিক্রম করে দক্ষিণ লেবানন ও সিরিয়ার কিছু এলাকায় প্রবেশ করে বসতি স্থাপনের আহ্বান জানিয়েছে।
বুধবার সন্ধ্যার দিকে দক্ষিণ লেবাননের কয়েকটি স্থানে প্রবেশ করে তারা কয়েকশ মিটার ভেতরে অবস্থান নেয়। একই সময়ে সিরিয়ার হাদের এলাকায়ও অনুপ্রবেশের ঘটনা ঘটে। সেখানে একটি ভবনের ওপর উঠে পতাকা উত্তোলনের ঘটনাও সামনে এসেছে।
প্রচারিত বিভিন্ন দৃশ্যে দেখা যায়, অনুপ্রবেশকারীরা ওইসব এলাকায় নিজেদের উপস্থিতি ঘোষণা করে স্থায়ীভাবে বসতি গড়ে তোলার কথা বলছে। বিশ্লেষকদের মতে, এই পদক্ষেপ দীর্ঘদিনের একটি বিতর্কিত সম্প্রসারণ পরিকল্পনার অংশ হিসেবে দেখা হচ্ছে।
তবে ইসরায়েলি বাহিনী পরবর্তীতে এসব অনুপ্রবেশকারীকে আটক করে নিজ দেশে ফিরিয়ে নেয় বলে জানা গেছে। সামরিক সূত্র জানিয়েছে, সিরিয়া সীমান্ত থেকে অন্তত ৪০ জনকে ফিরিয়ে আনা হয়েছে।
এই ঘটনার প্রেক্ষাপটে লেবানন ও সিরিয়া উভয় দেশই তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। তারা একে তাদের সার্বভৌমত্বের ওপর সরাসরি হস্তক্ষেপ হিসেবে উল্লেখ করেছে।
এরই মধ্যে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। সাম্প্রতিক সংঘাতে লেবাননে হাজারো মানুষের প্রাণহানি এবং বিপুলসংখ্যক মানুষের বাস্তুচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে।
উল্লেখ্য, কয়েকদিন আগে একটি সাময়িক যুদ্ধবিরতি কার্যকর হলেও নতুন করে হামলা ও অনুপ্রবেশের ঘটনায় সেই সমঝোতা এখন প্রশ্নের মুখে পড়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এ ধরনের উস্কানিমূলক পদক্ষেপ চলতে থাকলে পুরো অঞ্চলে সংঘাত আরও বিস্তৃত হতে পারে।
বর্তমান পরিস্থিতিতে শান্তি প্রক্রিয়া টিকিয়ে রাখা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। কূটনৈতিক সমাধানের পথ খোলা থাকলেও মাটিতে ঘটে যাওয়া ঘটনাগুলো সেই প্রচেষ্টাকে বারবার বাধাগ্রস্ত করছে।
সূত্র: আন্তর্জাতিক গণমাধ্যম




























