
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: দেশে সাম্প্রতিক সময়ে ছড়িয়ে পড়া হাম পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। তিনি বলেন, সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগ এবং চিকিৎসকদের সম্মিলিত প্রচেষ্টায় পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ‘জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী জানান, হাম মোকাবিলায় দেশীয় চিকিৎসকদের পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ের বিশেষজ্ঞদের সঙ্গেও আলোচনা করা হয়েছে। বিশেষ করে একটি চীনা চিকিৎসক দলের সঙ্গে পরামর্শের মাধ্যমে প্রয়োজনীয় দিকনির্দেশনা নেওয়া হয়েছে।
তিনি বলেন, “আমরা এখন একটি স্থিতিশীল অবস্থায় পৌঁছাতে পারছি। সম্মিলিতভাবে কাজ করার ফলেই এই অগ্রগতি সম্ভব হয়েছে।”
এসময় শিশুস্বাস্থ্য ও পুষ্টি বিষয়ে গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, মায়ের দুধের কোনো বিকল্প নেই। নবজাতকের সুস্থ বিকাশে বুকের দুধ অপরিহার্য হলেও বর্তমানে অনেক মা এতে অনাগ্রহী হয়ে পড়ছেন, যা উদ্বেগজনক।
তিনি আরও বলেন, সিজারিয়ান ডেলিভারির হার বেড়ে যাওয়ায় অনেক শিশুর শারীরিক সক্ষমতা দুর্বল হয়ে পড়ছে। তাই মায়েদের সচেতন করতে মাঠপর্যায়ে কাজ করা স্বাস্থ্যকর্মীদের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
স্বাস্থ্যমন্ত্রী পুষ্টিকর্মীদের উদ্দেশে বলেন, ঘরে ঘরে গিয়ে মায়েদের বোঝাতে হবে যেন তারা শিশুদের নিয়মিত বুকের দুধ পান করান। এতে শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এবং হামসহ বিভিন্ন সংক্রামক রোগের ঝুঁকি কমবে।




























