
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে এক নৈশভোজ অনুষ্ঠানের বাইরে গুলির ঘটনায় সন্দেহভাজন হামলাকারীকে আটক করা হয়েছে। ঘটনাটি ঘটে শনিবার রাতে হোয়াইট হাউস সংবাদদাতাদের বার্ষিক নৈশভোজ চলাকালে।
অনুষ্ঠানটি চলছিল ওয়াশিংটন হিলটন হোটেলে, যেখানে হঠাৎ করে বলরুমের বাইরে গুলির শব্দ শোনা গেলে উপস্থিত অতিথিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ঘটনার পর মার্কিন তদন্ত সংস্থা এফবিআই জানায়, সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয়েছে এবং ওয়াশিংটন ফিল্ড অফিস ঘটনাস্থলে তদন্ত শুরু করেছে।
একই সঙ্গে Donald Trump সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, বন্দুকধারীকে আটক করা হয়েছে এবং তিনি, ফার্স্ট লেডি ও ভাইস প্রেসিডেন্ট সবাই নিরাপদে আছেন।
আইনশৃঙ্খলা বাহিনীর এক কর্মকর্তা জানান, দায়িত্ব পালনরত এক পুলিশ সদস্য বুলেটপ্রুফ জ্যাকেটে গুলিবিদ্ধ হন, তবে তিনি আশঙ্কামুক্ত রয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা বলেন, অনুষ্ঠান চলাকালে হঠাৎ নিরাপত্তাকর্মীরা অতিথিদের নিচে আশ্রয় নিতে নির্দেশ দেন। তখন অনেকেই টেবিলের নিচে আশ্রয় নেন এবং পুরো হলে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পরবর্তীতে সিক্রেট সার্ভিস দ্রুত ট্রাম্পকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়। পরে তিনি জানান, সবাই নিরাপদ আছেন এবং দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য নিরাপত্তা বাহিনীকে ধন্যবাদ জানান।
ঘটনার পর অনুষ্ঠানটি সাময়িকভাবে স্থগিত করা হয়। তবে পরবর্তীতে এটি পুনরায় আয়োজনের পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে।





























