
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে সম্পর্ক নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে। লেবানন ইস্যুকে কেন্দ্র করে দুই নেতার মধ্যে তীব্র মতবিরোধ দেখা দিয়েছিল এবং পরিস্থিতি একপর্যায়ে ‘প্রায় হাতাহাতির’ পর্যায়ে পৌঁছেছিল বলে দাবি করেছেন লেবাননে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মিশেল ইসা।
আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বৈরুতের উপকণ্ঠে ইসরায়েলি হামলা এবং এর জবাবে ইরানের ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনায় ওয়াশিংটন ও তেল আবিবের অবস্থানের মধ্যে পার্থক্য স্পষ্ট হয়ে ওঠে। যুক্তরাষ্ট্র চাইছে সংঘাত আরও বিস্তৃত না হোক, অন্যদিকে ইসরায়েল নিরাপত্তা ইস্যুতে কঠোর অবস্থান ধরে রাখতে আগ্রহী।
লেবাননের পার্লামেন্ট স্পিকার নাবিহ বেরির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন রাষ্ট্রদূত জানান, প্রেসিডেন্ট ট্রাম্প ব্যক্তিগতভাবে লেবাননের পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং সংঘাত বিস্তার রোধে সক্রিয় ভূমিকা রাখছেন।
এদিকে মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক ফোনালাপে ট্রাম্প নেতানিয়াহুকে নতুন সামরিক অভিযান থেকে বিরত থাকার আহ্বান জানান। তার আশঙ্কা, নতুন করে হামলা হলে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান কূটনৈতিক প্রচেষ্টা ব্যাহত হতে পারে। যদিও শুরুতে নেতানিয়াহু আপত্তি তুলেছিলেন, পরে তিনি কিছুটা নমনীয় অবস্থান গ্রহণ করেন বলে জানা গেছে।
বিশ্লেষকদের মতে, ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে ঘিরে মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি এখনও অত্যন্ত স্পর্শকাতর। কূটনৈতিক যোগাযোগ অব্যাহত থাকলেও যেকোনো নতুন সামরিক পদক্ষেপ অঞ্চলজুড়ে উত্তেজনা আরও বাড়িয়ে দিতে পারে।
সূত্র: আল জাজিরা


























