
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: শিশু মৃত্যুর ঘটনায় অভিযুক্ত রাজধানীর মগবাজারে অবস্থিত আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল করা হলেও একই প্রতিষ্ঠানের অন্যান্য শাখার কার্যক্রম স্বাভাবিকভাবে চলবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
মঙ্গলবার (১৬ জুন) রাজধানীর হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে হাম চিকিৎসা প্রোটোকল ও ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট গাইডলাইন উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী জানান, মগবাজার শাখার বিরুদ্ধে নেওয়া প্রশাসনিক ব্যবস্থা শুধুমাত্র ওই হাসপাতালের ক্ষেত্রেই প্রযোজ্য। আদ-দ্বীনের অন্যান্য হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান নির্ধারিত নিয়মনীতি মেনে পরিচালিত হলে তাদের কার্যক্রম চালিয়ে যেতে কোনো বাধা নেই।
তিনি বলেন, তদন্তে পাওয়া তথ্য অনুযায়ী বদ্ধ পরিবেশে অক্সিজেন সংকট এবং দায়িত্ব পালনে অবহেলার কারণে কয়েকটি শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় হাসপাতালের চিকিৎসক, নার্স ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্বহীনতার বিষয়ও উঠে এসেছে। তাই শিশু মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষকে জবাবদিহির আওতায় আনা হবে।
মন্ত্রী আরও বলেন, রোগীর জীবন নিয়ে অবহেলা বা দায়িত্বহীনতার কোনো সুযোগ নেই। স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের কেউ নিয়ম ভঙ্গ করলে বা দায়িত্ব পালনে ব্যর্থ হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। শুধু লাইসেন্স বাতিল নয়, প্রয়োজন হলে আইন অনুযায়ী আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে।
দেশের স্বাস্থ্যসেবার মান নিয়ে অসন্তোষ প্রকাশ করে তিনি বলেন, এখনো প্রত্যাশিত পর্যায়ের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব হয়নি। সেবার মান উন্নয়নে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের আরও দায়িত্বশীল ও আন্তরিক হতে হবে।
অনুষ্ঠানে হাম প্রতিরোধে সরকারের বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সম্মিলিত প্রচেষ্টায় সংক্রামক রোগ নিয়ন্ত্রণে ইতিবাচক অগ্রগতি অর্জিত হয়েছে। তবে জনস্বাস্থ্য সুরক্ষায় এই কার্যক্রম আরও জোরদার করার প্রয়োজন রয়েছে।




























