
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথির মুখপাত্র মোহাম্মদ আল-বুখাইতি দাবি করেছেন, ফিলিস্তিনের প্রতি দৃঢ় সমর্থনের কারণেই ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে যুক্তরাষ্ট্র ও ইসরাইল হত্যা করেছে।
ইরানি সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে আল-বুখাইতি বলেন, খামেনি প্রতিরোধ, স্বাধীনতা এবং দখলদারিত্ববিরোধী আন্দোলনের প্রতীক ছিলেন। তার নেতৃত্ব বিশ্বের বিভিন্ন জাতিকে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের প্রভাবের বিরুদ্ধে অবস্থান নিতে অনুপ্রাণিত করেছে।
তিনি আরও দাবি করেন, ফিলিস্তিন ইস্যুতে খামেনির অবস্থান এবং ইসলামি বিশ্বের জন্য তার রাজনৈতিক ও আদর্শিক দৃষ্টিভঙ্গিই পশ্চিমা শক্তিগুলোকে তাকে হত্যার সিদ্ধান্ত নিতে প্রভাবিত করেছে।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন বলে ইরান দাবি করে। প্রায় চার মাস পর রোববার (৫ জুলাই) তেহরানের ইমাম খোমেনি গ্র্যান্ড মোসাল্লায় তার জানাজা অনুষ্ঠিত হয়।
ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, জানাজার নির্ধারিত সময়ের অনেক আগেই অনুষ্ঠানস্থল লাখো শোকাহত মানুষের উপস্থিতিতে পূর্ণ হয়ে যায়।
জানাজার নামাজে ইমামতি করেন শিয়া ধর্মীয় নেতা জাফর সোবহানি। খামেনির পাশাপাশি তার পরিবারের কয়েকজন সদস্যেরও পৃথক ধাপে জানাজা অনুষ্ঠিত হয়।
সূত্র: আল জাজিরা



























