
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: জিয়াউর রহমান ফাউন্ডেশনের সহ-সভাপতি ও প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বলেছেন, দেশের শিশুরাই আগামীর বাংলাদেশ গড়ার মূল শক্তি। সুশিক্ষা, সততা ও শৃঙ্খলার মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলে দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।
সোমবার (৬ জুলাই) রাজধানীর তেজগাঁওয়ে সমাজসেবা অধিদপ্তরের শিশু পরিচর্যা ও পুনর্বাসন কার্যক্রম পরিদর্শনকালে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
এ সময় সরকারি শিশু পরিবারের সদস্যরা নাচ, গানসহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করে অতিথিদের স্বাগত জানান। ডা. জুবাইদা রহমান শিশুদের পরিবেশনা উপভোগ করেন এবং তাদের প্রতিভার প্রশংসা করেন।
তিনি বলেন, শিশুরাই জাতির ভবিষ্যৎ। যথাযথ শিক্ষা ও সঠিক দিকনির্দেশনা পেলে তারা ভবিষ্যতে দেশের বিভিন্ন ক্ষেত্রে সাফল্য অর্জনের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের সুনাম বয়ে আনতে সক্ষম হবে।
তিনি আরও বলেন, ছোটবেলা থেকেই সততা, নৈতিকতা ও নিয়মানুবর্তিতার চর্চা করতে হবে। এসব মূল্যবোধই একজন শিশুকে ভবিষ্যতে আদর্শ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়তা করবে।



























