
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: ডেঙ্গু থেকে সুরক্ষায় মশারি ব্যবহার করার পাশাপাশি ফুলহাতা জামা, পাজামা বা লম্বা করে লুঙ্গি পরার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। একই সঙ্গে ডেঙ্গু রোগীদের চিকিৎসায় বেসরকারি হাসপাতালগুলোকে নির্ধারিতসংখ্যক শয্যা সংরক্ষণ এবং সরকার নির্ধারিত ফিতে পরীক্ষা করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।
বুধবার জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে বিভিন্ন প্রচারণা চালানো হচ্ছে। এর অংশ হিসেবে মানুষকে এমন পোশাক পরতে উৎসাহিত করা হচ্ছে, যাতে মশার কামড়ের ঝুঁকি কমে।
তিনি জানান, প্রায় দেড় মাস আগে বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালগুলোর মালিকদের সঙ্গে বৈঠকে ডেঙ্গু রোগীদের জন্য মোট শয্যার অন্তত ১০ শতাংশ সংরক্ষণ এবং সরকার নির্ধারিত ফিতেই ডেঙ্গু পরীক্ষা করার নির্দেশ দেওয়া হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত বাস্তবায়নে সম্মতি দিয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকারি হাসপাতালে ডেঙ্গুর এনএস১ পরীক্ষা বিনামূল্যে করা হচ্ছে। এছাড়া আইজিজি ও আইজিএম পরীক্ষার ফি ৩০০ টাকা থেকে কমিয়ে ৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।
তিনি আরও জানান, বর্তমানে কেন্দ্রীয়ভাবে এক লাখের বেশি আরডিটি কিট মজুদ রয়েছে এবং আগামী এক মাসের মধ্যে আরও প্রায় পাঁচ লাখ কিট যুক্ত হবে। পাশাপাশি ডেঙ্গু রোগীদের চিকিৎসার জন্য অতিরিক্ত এক লাখ স্যালাইন ব্যাগ সংরক্ষণ করা হয়েছে।
মন্ত্রী বলেন, দেশের প্রতিটি উপজেলায় প্রয়োজনীয় স্যালাইন সরবরাহ করা হয়েছে এবং চাহিদা বাড়লে আরও সরবরাহের সক্ষমতা সরকারের রয়েছে। রোগীর সংখ্যা বৃদ্ধি পেলে ব্যবহারের জন্য মোবাইল হাসপাতাল প্রস্তুত রাখা হয়েছে এবং প্রয়োজনে সেনাবাহিনীকেও সহায়তায় রাখা হবে।
তিনি জানান, দেশের ১২টি জেলায় ১০ শয্যার আইসিইউ চালু হয়েছে। আগামী ১৫ দিনের মধ্যে আরও পাঁচটি জেলায় নতুন আইসিইউ চালু করার পরিকল্পনা রয়েছে।
ডেঙ্গু প্রতিরোধে গত দুই মাস ধরে প্রতি শনিবার দেশব্যাপী পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হচ্ছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। এ কার্যক্রমে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক, সিভিল সার্জন, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন এবং স্বাস্থ্য কর্মকর্তারা অংশ নিচ্ছেন। পাশাপাশি সিটি করপোরেশন ও পৌরসভাগুলো মশা ও লার্ভা দমনে নিয়মিত অভিযান পরিচালনা করছে।




























