
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: আফ্রিকার দেশ গণপ্রজাতন্ত্রী কঙ্গোতে ইবোলা ভাইরাসের সংক্রমণ উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। দেশটিতে প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩৫৪ জনে পৌঁছেছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, ভাইরাসটি এখন দাবানলের মতো দ্রুত ছড়িয়ে পড়ছে।
কঙ্গো সরকারের সর্বশেষ প্রকাশিত তথ্য অনুযায়ী, দেশে ইবোলায় আক্রান্ত ও মৃতের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৭৫ জন। মাত্র এক সপ্তাহের ব্যবধানে এই সংখ্যা প্রায় ২৭ শতাংশ বেড়েছে। একই সঙ্গে শেষ পাঁচ দিনেই মৃত্যুর সংখ্যা প্রায় ৪০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, কঙ্গোর ইতিহাসে এটিই এখন পর্যন্ত সবচেয়ে দ্রুতগতির ইবোলা সংক্রমণ হিসেবে বিবেচিত হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ এবং আন্তর্জাতিক সংস্থাগুলো জরুরি ভিত্তিতে কাজ করছে।
স্বাস্থ্য বিশেষজ্ঞ আব্দুল সামি নাসিদির মতে, কার্যকর ভ্যাকসিনের অভাবই সংক্রমণ দ্রুত বিস্তারের অন্যতম প্রধান কারণ। এছাড়া সংঘাতকবলিত এলাকাগুলোতে স্বাস্থ্যসেবার অবকাঠামো ভেঙে পড়ায় আক্রান্তদের চিকিৎসা ও সংক্রমণ নিয়ন্ত্রণ আরও কঠিন হয়ে উঠেছে।
বর্তমানে কঙ্গোতে ইবোলার বুন্দিবুগয়ো ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ছে। এটি ইবোলা ভাইরাসের বিরল ও ঝুঁকিপূর্ণ ভ্যারিয়েন্টগুলোর একটি, যার বিরুদ্ধে এখনো স্বীকৃত কোনো কার্যকর ভ্যাকসিন নেই।
এদিকে যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অক্সফোর্ড ভ্যাকসিন গ্রুপ জানিয়েছে, তারা নতুন একটি পরীক্ষামূলক ভ্যাকসিন তৈরি করেছে। ইতোমধ্যে সেটি একজন স্বেচ্ছাসেবীর শরীরে পরীক্ষামূলকভাবে প্রয়োগ করা হয়েছে। এর কার্যকারিতা পর্যবেক্ষণ করা হচ্ছে।
বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, দ্রুত সংক্রমণ নিয়ন্ত্রণ করা না গেলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে। তাই আন্তর্জাতিক সহযোগিতা, জরুরি চিকিৎসা সহায়তা এবং কার্যকর প্রতিরোধ ব্যবস্থা জোরদারের ওপর গুরুত্বারোপ করা হচ্ছে।



























