
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: এত দিন দেশের গ্রাম বা মফস্বল এলাকাগুলোতে ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ না থাকার খবর পাওয়া গেলেও এবার সেই লোডশেডিং হানা দিয়েছে রাজধানী ঢাকায়। তীব্র গরমের মধ্যেই গত বুধবার (১২ আগস্ট) দিবাগত রাতে ঢাকার বিভিন্ন এলাকায় বারবার বিদ্যুৎ চলে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী।
রাজধানীর একাধিক এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, রাতের বেলা বেশ কয়েকবার বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন করা হয়। কোথাও টানা এক ঘণ্টা আবার কোনো কোনো এলাকায় দফায় দফায় বিদ্যুৎ বন্ধ থাকে, যার ফলে গভীর রাতেও সাধারণ মানুষকে চরম যন্ত্রণার মুখোমুখি হতে হয়। ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষুব্ধ নগরবাসী তাদের এই দুর্ভোগ ও অসন্তোষ প্রকাশ করে একের পর এক পোস্ট দিচ্ছেন।
পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসির দেওয়া তথ্য বলছে, ১২ আগস্ট দিবাগত রাতে দেশে সামগ্রিকভাবে বিদ্যুতের চাহিদা ছিল ১৮ হাজার মেগাওয়াটেরও বেশি। বিপরীতে ওই দিন রাত ৯টায় (সন্ধ্যা পিক) উৎপাদন হয় ১৬ হাজার ৯৩ মেগাওয়াট এবং দুপুর ১২টায় (ডে পিক) উৎপাদন ছিল ১৪ হাজার ৬৩৫ মেগাওয়াট। ডে পিকের সময়ে ভারতের আদানি পাওয়ার থেকে ৯৩১ মেগাওয়াট এবং সন্ধ্যা পিকের সময়ে ১ হাজার ২৩০ মেগাওয়াট বিদ্যুৎ এলেও রাতের বেলা সারা দেশে ২ হাজার মেগাওয়াটেরও বেশি লোডশেডিং দিতে বাধ্য হয় কর্তৃপক্ষ।
সাধারণত ঢাকার ডেসকো (DESCO) ও ডিপিডিসি (DPDC) আওতাধীন এলাকাগুলোতে জাতীয় বিদ্যুৎ ঘাটতির প্রভাব কম থাকলেও বর্তমানে জাতীয় গ্রিডে বড় ধরনের ঘাটতি দেখা দেওয়ায় খোদ রাজধানীতেও এই দীর্ঘ লোডশেডিং শুরু হয়েছে, যা সাধারণ মানুষের মনে উদ্বেগ বাড়িয়ে দিয়েছে।




























