
আওয়ার টাইমস নিউজ।
সারাদেশ ডেস্ক: কোনো দুর্নীতিবাজ, সন্ত্রাসী, দখলবাজ, চাঁদাবাজ কিংবা অস্ত্রধারীর দলে কোনো স্থান হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসনের সংসদ সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার শাখাওয়াত হোসেন বকুল। শুক্রবার (২৮ আগস্ট) নরসিংদীর মনোহরদী ও বেলাব উপজেলা বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে আয়োজিত এক বিশেষ মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ব্যক্তিগত প্রভাব খাটিয়ে অন্যায্য কাজ আদায় কিংবা সাধারণ মানুষের জমিজমা দখল ও অনিয়মের রাজনীতি থেকে নেতাকর্মীদের অবিলম্বে বেরিয়ে আসতে হবে। গণমুখী রাজনীতিতে জনগণের কাছে দায়বদ্ধতা ও জবাবদিহিই প্রধান শর্ত। কোনো নেতাকর্মীর অপরাধমূলক কর্মকাণ্ড বা চাঁদাবাজির নেতিবাচক প্রভাব যেন দলের ওপর না পড়ে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণের আস্থা অর্জনই হবে রাজনীতির মূল ভিত্তি।
এ ছাড়া নিজের নির্বাচনী এলাকা ও দেশের স্বাস্থ্য খাতের উন্নয়ন প্রসঙ্গে মন্ত্রী জানান, স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাধ্যমে ইতোমধ্যে মনোহরদী-বেলাব এলাকায় উল্লেখযোগ্য উন্নয়ন বরাদ্দ দেওয়া হয়েছে এবং আগামী ছয় মাসের মধ্যে বহু দৃশ্যমান উন্নয়নকাজ সম্পন্ন হবে। তিনি আরও জানান, সরকারি দায়িত্বের পাশাপাশি মুন্সীগঞ্জ ও মানিকগঞ্জ জেলার উন্নয়ন সমন্বয় ও সাংগঠনিক কার্যক্রম দেখভালের অতিরিক্ত দায়িত্ব পাওয়ায় তাঁর কাজের পরিধি আরও বৃদ্ধি পেয়েছে। পরিশেষে, ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে দলীয় শৃঙ্খলা বজায় রেখে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে নেতাকর্মীদের নির্দেশ দেন তিনি।


























