আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: ককটেল বিস্ফোরণ, চলন্ত ও দাঁড়িয়ে থাকা বাসে অগ্নিসংযোগ এবং সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে রাতভর তাণ্ডবে চরম উত্তপ্ত হয়ে উঠেছে মানিকগঞ্জ। জেলা প্রশাসকের কার্যালয়, পুলিশ সুপারের বাসভবন, গুরুত্বপূর্ণ পুলিশ ফাঁড়ি ও রাজনৈতিক কার্যালয়ের মতো স্পর্শকাতর স্থানে ককটেল ফাটিয়ে তীব্র আতঙ্ক ছড়ায় দুর্বৃত্তরা। একই সময়ে ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ বাসস্ট্যান্ডের পুলিশ বক্সের সামনে দাঁড়িয়ে থাকা একটি মিনিবাসে সরাসরি আগুন দেয় নাশকতাকারীরা।
সোমবার (৯ নভেম্বর) দিনগত রাত সাড়ে ১২টার দিকে আগুন দেওয়ার এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। সৌভাগ্যবশত অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহতের খবর মেলেনি।
এদিকে সন্ধ্যা থেকেই মানিকগঞ্জের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে দফায় দফায় ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। জেলা প্রশাসকের কার্যালয়ের মূল ফটকের সামনে, মানিকগঞ্জ বাসস্ট্যান্ড, বিভিন্ন দলের রাজনৈতিক কার্যালয়, পুলিশ সুপারের বাসভবন এলাকা, পাটুরিয়া পুলিশ ফাঁড়ি ও ঘিওর বাসস্ট্যান্ড এলাকায় একের পর এক বিস্ফোরণে প্রকম্পিত হয়ে ওঠে শহর।
নাশকতা রুখতে রাতভর জেলার বিভিন্ন এলাকায় চিরুনি অভিযান চালায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অভিযান চালিয়ে নাশকতার সঙ্গে জড়িত সন্দেহে ১০ জনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। আটককৃতদের মধ্যে সদর থানা পুলিশ ৬ জন, জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ২ জন, সিংগাইর থানা পুলিশ ১ জন এবং দৌলতপুর থানা পুলিশ ১ জনকে আটক করে।
মানিকগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি এবং ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের অপরাধে ১০ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নাশকতাকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

