আওয়ার টাইমস নিউজ।
চট্টগ্রাম ব্যুরো: সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট ও বাজে মন্তব্য করার অভিযোগে চট্টগ্রামে এক ব্যক্তিকে চড়-থাপ্পড় ও কিল-ঘুষি মেরেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মহানগর সহ-সাংগঠনিক সম্পাদক তানিয়া আমিন। মঙ্গলবার রাতে এ ঘটনার একটি ভিডিও নিজের ফেসবুক পেজে পোস্ট করেন এই নেত্রী। পরে পুলিশ ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।
জানা যায়, সম্প্রতি গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে তানিয়া আমিন একটি ভিডিও প্রকাশ করেছিলেন। অভিযোগ রয়েছে, খোরশেদ আলম নামে বাকলিয়া এলাকার এক ব্যক্তি নিজের ফেসবুক আইডি থেকে সেই ভিডিওটি আপলোড করে অত্যন্ত কুরুচিপূর্ণ ও বাজে মন্তব্য করেন। মঙ্গলবার রাতে তানিয়া আমিন তার সহযোগীদের নিয়ে বাকলিয়ার একটি লন্ড্রিতে খোরশেদের মুখোমুখি হন এবং ক্ষোভ প্রকাশ করে তাকে চড় মারেন। এ সময় তানিয়াকে বলতে শোনা যায়, “তুই এ ধরনের পোস্ট করবি কী জন্য, তোর মা-বোন আছে?”
ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে খোরশেদ আলমকে হেফাজতে নেয়। বাকলিয়া থানার ওসি শাহীনুর আলম জানান, প্রাথমিক আটকের পর খোরশেদের মোবাইল ফোন পরীক্ষা করে নিষিদ্ধ সংগঠনের বিভিন্ন ঝটিকা মিছিল ও কার্যক্রমের সঙ্গে তার প্রত্যক্ষ সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায়। পরবর্তীতে সুনির্দিষ্ট প্রমাণ ملায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এদিকে এনসিপি নেত্রী তানিয়া আমিন তার ব্যাখ্যায় জানিয়েছেন, ভিডিওটিতে ওই ব্যক্তিকে মারধরের পর প্রথমে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়ার চিন্তা করা হলেও, তার মোবাইলে নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সক্রিয় যোগাযোগের প্রমাণ পাওয়ায় তাকে পুলিশের হাতে সোপর্দ করা হয়। ভিডিওটির ক্যাপশনে তিনি উল্লেখ করেন, “নারীকে অসম্মান নয়, সম্মানেই সমাজ শক্ত হয়”।

