আওয়ার টাইমস নিউজ
আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওপর কখনোই পুরোপুরি আস্থা বা বিশ্বাস ছিল না বলে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন। নিজের নতুন স্মৃতিকথা ‘প্রমিজ মি, আমেরিকা’ (Promise Me, America) বইয়ে নেতানিয়াহুর রাজনৈতিক কূটচাল, স্বার্থপরতা এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে তাঁর সম্পর্কের নানা গোপন দিক খোলামেলাভাবে তুলে ধরেছেন তিনি। একই বইয়ে ২০২১ সালে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের বিতর্কিত সিদ্ধান্তের পক্ষেও নিজের অবস্থান পরিষ্কার করেছেন বাইডেন।
মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের বরাতে জানা গেছে, বইটিতে নিজের এক মেয়াদের প্রেসিডেন্সির নানা গুরুত্বপূর্ণ ঘটনা ও বিশ্বনেতাদের সঙ্গে কাজের অভিজ্ঞতা তুলে ধরেছেন বাইডেন।
বইয়ে নেতানিয়াহুকে ‘বিবি’ নামে উল্লেখ করে বাইডেন লিখেছেন, নেতানিয়াহু ইসরায়েলের দীর্ঘমেয়াদি জাতীয় স্বার্থের চেয়ে নিজের রাজনৈতিক ভবিষ্যৎ ও ক্ষমতা টিকিয়ে রাখাকেই সবসময় বেশি গুরুত্ব দিতেন। বাইডেনের ভাষায়, নেতানিয়াহু নিজের সুবিধামতো তথ্যের বিকৃতি বা নমনীয় আচরণ করতে পারতেন এবং ব্যক্তিগত স্বার্থে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে প্রভাবিত করতেও বিন্দুমাত্র দ্বিধা করতেন না।
২০২৩ সালের ৭ অক্টোবরের ঘটনার পর ইসরায়েলকে সমর্থন দেওয়ার সিদ্ধান্তে তিনি অনুতপ্ত নন বলে বইয়ে উল্লেখ করলেও, গাজায় ইসরায়েলি বর্বর অভিযানে বিপুলসংখ্যক নিরপরাধ ফিলিস্তিনির মৃত্যু তাঁকে গভীরভাবে ব্যথিত করেছে বলে দাবি করেছেন সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট।
আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার ও বিশ্বনেতাদের নিয়ে মূল্যায়ন:
২০২১ সালে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের সিদ্ধান্তকে এখনো সঠিক বলে মনে করেন বাইডেন। তিনি জানান, একই পরিস্থিতিতে আবারও প্রেসিডেন্ট হলে তিনি একই সিদ্ধান্ত নিতেন। যদিও তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন ও জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল মার্ক মিলি সেনা প্রত্যাহারের ভয়াবহ পরিণতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। বাইডেন জানান, মার্কিন সেনা চলে যাওয়ার পর আফগান সরকার অন্তত ছয় মাস টিকে থাকতে পারবে বলে তাঁকে আশ্বস্ত করা হয়েছিল, কিন্তু বাস্তবে মাত্র কয়েক দিনের মধ্যেই কাবুল সরকারের পতন ঘটে।
এছাড়া স্মৃতিকথায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ‘খিটখিটে স্বভাবের’ বলে বর্ণনা করেছেন বাইডেন। অন্যদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির পূর্বের অভিনয়ের অভিজ্ঞতাকে যুদ্ধকালীন নেতৃত্বের জন্য বেশ সহায়ক বলে মন্তব্য করেছেন তিনি।
সূত্র: আনাদোলু এজেন্সি।

