আওয়ার টাইমস নিউজ।
রাজনীতি ডেস্ক: গণহত্যার দায়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগকে দল হিসেবে স্থায়ীভাবে নিষিদ্ধ করার জোরালো দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। শনিবার (২১ নভেম্বর ২০২৬) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে হেফাজতে ইসলামের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজেদুর রহমান এই দাবি জানান।
বিবৃতিতে হেফাজত নেতারা বলেন, গণহত্যাকারী পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের ব্যাপারে ভুক্তভোগী শহীদ পরিবার ও আহতদের আকাঙ্ক্ষার বাইরে গিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার অধিকার কারো নেই। তাঁরা উল্লেখ করেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এখন আর কোনো রাজনৈতিক দল নয়; বরং জুলাই গণঅভ্যুত্থানের মুখে গণহত্যা চালানো দলটির নেতাকর্মীরা ভারতে পালিয়ে গিয়ে আধিপত্যবাদের এজেন্ট হিসেবে নিজেদের প্রমাণ করেছে। দিল্লির মদদে চব্বিশের পরাজিত শক্তি আবারও দেশজুড়ে জ্বালাও-পোড়াও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে।
তাঁদের আরেকটি ওয়ান-ইলেভেন ঘটানোর স্বপ্ন গণপ্রতিরোধের মাধ্যমে দুঃস্বপ্নে পরিণত করার হুঁশিয়ারি দেন শীর্ষ এই দুই নেতা। পাশাপাশি দলটির বাংলাদেশবিরোধী এজেন্ডার অনুকূলে যেসব গণমাধ্যম কাজ করছে, ভবিষ্যতের গণপ্রতিরোধের সময় তারাও রেহাই পাবে না বলে বিবৃতিতে সতর্ক করা হয়।
বিবৃতিতে আরও বলা হয়, পিলখানা, শাপলা চত্বর, জুলাই গণঅভ্যুত্থান ও মোদিবিরোধী আন্দোলনের শহীদ ও আহতরা এখনো ন্যায়বিচারের অপেক্ষায় রয়েছেন। তাঁদের ন্যায়বিচারের কথা ভুলে গিয়ে যাঁরা বিভিন্ন টকশো ও প্ল্যাটফর্মে পতিত ফ্যাসিবাদের পক্ষে কথা বলছেন, তাঁদের প্রতি জনগণের ক্ষোভ বাড়ছে।
অতীতেও ক্ষমা চেয়ে ক্ষমতায় এসে দলটি শোধরায়নি উল্লেখ করে নেতারা বলেন, রাষ্ট্রক্ষমতা দখলে নিয়ে টানা পনেরো বছর গুম-খুন ও একের পর এক গণহত্যা চালানোর পর বাংলাদেশে দলটির আর কোনো রাজনৈতিক বৈধতা থাকতে পারে না। তাই ঐক্যবদ্ধ গণপ্রতিরোধের পাশাপাশি ট্রাইব্যুনালে দৃষ্টান্তমূলক বিচারিক প্রক্রিয়ায় গণহত্যার দায়ে আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধ করতে হবে।
এছাড়া আন্তর্জাতিক গণমাধ্যমে শেখ হাসিনার সমালোচনার প্রসঙ্গ টেনে হেফাজত নেতারা বলেন, দ্য গার্ডিয়ান তাঁকে ‘কলঙ্কিত সাবেক নেতা’ এবং দ্য ইকোনমিস্ট তাঁর শাসনকালকে ‘নিকৃষ্ট শাসন’ হিসেবে অভিহিত করেছে। প্রভু রাষ্ট্রের বহু তদবির সত্ত্বেও মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত এই অপরাধীকে কোনো সভ্য রাষ্ট্র আশ্রয় দিতে রাজি হয়নি বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

