আওয়ার টাইমস নিউজ।
দেশজুড়ে ডেস্ক: খাগড়াছড়িতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) সাদিক কায়েমের বাড়িতে পেট্রোলবোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের চেষ্টার ঘটনায় সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তিনজনকে শনাক্ত করেছে পুলিশ। শনাক্ত হওয়া ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
আজ রোববার (২২ নভেম্বর ২০২৬) খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায় কিসলু বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, এ ঘটনায় জড়িত চারজনই নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। শনাক্ত হওয়া তিনজন হলেন, খাগড়াছড়ি জেলা সদরের উত্তর সবুজবাগ এলাকার মো. মুন্না ও সাইফ এবং দীঘিনালা উপজেলার ওমর ফারুক। হামলায় অংশ নেওয়া অপর একজনের পরিচয় শনাক্তের কাজ চলছে।
এদিকে, আজ সকালে সেনাবাহিনী ও পুলিশসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এর আগে, গতকাল শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে খাগড়াছড়ি সদর উপজেলার নয়নপুর এলাকায় সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোলবোমা নিক্ষেপ এবং কেরোসিন ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করা হয়। তবে আগুন ছড়িয়ে পড়ার আগেই স্থানীয় বাসিন্দা ও প্রতিবেশীরা তা নিভিয়ে ফেলেন। এতে বাড়িতে অবস্থানরত সাদিক কায়েমের বাবা-মা বড় ধরনের ক্ষয়ক্ষতি ও প্রাণহানি থেকে রক্ষা পান।
সাদিক কায়েমের বাবা আবুল কাশেম জানান, গভীর রাতে ঘরের ছাদের ওপর বিকট শব্দ শুনে তিনি বাইরে বের হওয়ার চেষ্টা করেন। এ সময় বাড়ির চারপাশে আগুন জ্বলতে দেখেন। তার চিৎকার শুনে দ্রুত প্রতিবেশীরা ছুটে এসে পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনেন।
খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মুকুল কুমার নাথ জানান, খবর পাওয়ার পরপরই স্থানীয়দের সম্মিলিত সহায়তায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

