আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদ প্রাঙ্গণে জুমার নামাজ আদায়ের সময় ৪৭ বছর বয়সী এক তুর্কি নারী পর্যটককে গ্রেফতার করেছে দখলদার ইসরাইলি পুলিশ। সন্ত্রাসবাদে উসকানি ও সমর্থনের অভিযোগ তুলে গত শুক্রবার (২০ নভেম্বর) তাঁকে আটক করা হয়। ইসরাইলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইল ও আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ইসরাইলি পুলিশের দাবি, পর্যটক হিসেবে সেখানে যাওয়া ওই তুর্কি নারী মসজিদ প্রাঙ্গণে মুসল্লিদের মধ্যে অর্থ বিতরণ করেছেন। পাশাপাশি অনলাইনসহ বিভিন্ন মাধ্যমে উসকানিমূলক আধেয় ছড়ানোর অভিযোগ আনা হয়েছে তাঁর বিরুদ্ধে। পুলিশের ভাষ্য অনুযায়ী, নিহত হামাস নেতা শেখ আহমেদ ইয়াসিন ও ইয়াহিয়া সিনওয়ারের প্রশংসা করে পোস্ট দেওয়ার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে এবং তাঁকে হামাসের সঙ্গে সংশ্লিষ্ট বলে দাবি করা হচ্ছে।
তবে আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ওই নারী সরাসরি কোনো উসকানিমূলক বক্তব্য দিয়েছেন কি না বা কোনো প্রচারসামগ্রী বিতরণ করেছেন কি না, সে বিষয়ে পুলিশের বিবৃতিতে স্পষ্ট কিছু উল্লেখ করা হয়নি।
জিজ্ঞাসাবাদ ও পরবর্তী আইনি পদক্ষেপ:
পুলিশ জানিয়েছে, গ্রেফতারের পর ওই নারীর মুঠোফোন ও ব্যাকপ্যাক জব্দ করা হয়েছে। সন্ত্রাসবাদে উসকানি, সহায়তা বা উপকরণ সরবরাহ এবং জনশৃঙ্খলা বিঘ্নিত করতে পারে, এমন কর্মকাণ্ডের সন্দেহে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তদন্তের স্বার্থে আদালতে হাজির করে তাঁর আটকাদেশের মেয়াদ বাড়ানোর আবেদন জানানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় তুরস্কের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
সূত্র: টাইমস অব ইসরাইল ও আন্তর্জাতিক ডেস্ক।

