আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় যুদ্ধবিরতি কার্যকর থাকার পরও থামছে না ইসরাইলি বাহিনীর বর্বরতা। শনিবার (২১ নভেম্বর ২০২৬) উপত্যকাটির পৃথক স্থানে ইসরাইলি হামলায় অন্তত চার ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে বাস্তুচ্যুত অসহায় মানুষ ও শিশুদের জন্য খাবার নিয়ে যাওয়া একটি ত্রাণবাহী গাড়িতে ড্রোন হামলায় তিনজন প্রাণ হারান।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা ও বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আল জাজিরা জানায়, শনিবার গাজা সিটির তাল আল-হাওয়া এলাকায় বাস্তুচ্যুতদের মধ্যে খাদ্য ও পানীয় বিতরণের উদ্দেশ্যে যাচ্ছিল গাড়িটি। শিশুদের খাবার দেওয়ার জন্য গাড়িটি থামার ঠিক আগমুহূর্তে ইসরাইলি ড্রোন থেকে ক্ষেপণাস্ত্র ছুড়ে সেটিতে আঘাত হানা হয়।
এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। প্রত্যক্ষদর্শী আবু জেইন আল-দায়া ক্ষোভ প্রকাশ করে বলেন, যাঁরা তাঁবুতে থাকা ক্ষুধার্ত মানুষের মুখে খাবার তুলে দিচ্ছেন, তাঁরাও এখন ইসরাইলি হামলার লক্ষ্যবস্তু।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, হামলায় বিধ্বস্ত গাড়িটির ভেতরের কাগজপত্রে আন্তর্জাতিক ত্রাণ সংস্থা ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের (ডব্লিউসিকে) লোগো দেখা গেছে। তবে সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে, গাড়িটি তাদের চলমান কার্যক্রমের সঙ্গে যুক্ত ছিল না।
এছাড়া একই দিনে উত্তর গাজার জাবালিয়া শরণার্থীশিবিরের পূর্বদিকে হালাওয়া বাস্তুচ্যুত শিবিরে ইসরাইলি সেনাদের গুলিতে আরও এক ফিলিস্তিনি নিহত হন এবং দক্ষিণ গাজার খান ইউনিসের আল-মাওয়াসি এলাকায় বৈদ্যুতিক সাইকেলে থাকা এক তরুণকে লক্ষ্য করে চালানো হামলায় তিনজন আহত হয়েছেন।
উল্লেখ্য, গত বছরের অক্টোবরে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে এখন পর্যন্ত ইসরাইলি হামলায় ১ হাজার ৬০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর ওপর শীতের বৃষ্টি ও বন্যায় গাজার বিভিন্ন এলাকায় বাস্তুচ্যুতদের তাঁবু তলিয়ে যাওয়ায় খাদ্য, বিশুদ্ধ পানি ও নিরাপদ আশ্রয়ের চরম সংকটে পড়েছেন হাজারো অসহায় মানুষ।
সূত্রঃ আল জাজিরা, রয়টার্স

