আওয়ার টাইমস নিউজ।
রাজনীতি ডেস্ক: ফ্যাসিবাদ ও জুলাই আন্দোলনের প্রশ্নে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, এমন তথ্য জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
আজ সোমবার (২৩ নভেম্বর ২০২৬) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে বেরিয়ে উপস্থিত সাংবাদিকদের তিনি এ কথা জানান। এর আগে দুপুর সোয়া ১টার দিকে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে বসে। প্রতিনিধি দলে এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এবং যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদ সদস্য আকরাম হোসাইন উপস্থিত ছিলেন।
বৈঠকের আলোচ্য বিষয় তুলে ধরে নাহিদ ইসলাম সাংবাদিকদের বলেন, ‘গঙ্গা চুক্তি নতুন করে হলে ভারতের কাছে বাংলাদেশের কঠোর বার্তা দিতে হবে এবং পানির হিস্যা যাতে ন্যায্য থাকে, তা নিশ্চিত করতে হবে। ভারতের আধিপত্যবাদ মোকাবিলায় সব রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আমরা আলাপ করেছি।
সরকারের কাছে এনসিপির প্রস্তাবনাগুলোর কথা উল্লেখ করে নাহিদ ইসলাম আরও জানান, তারা সরকারকে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আদালতের রায় কার্যকর করার কথা বলেছেন। সেই সঙ্গে ওসমান হাদির খুনিদের দেশে ফিরিয়ে এনে বিচার নিশ্চিত করা এবং জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানানো হয়েছে। এ ছাড়া সংবিধান সংশোধন সম্পর্কিত একদলীয় কমিটি জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করেছে উল্লেখ করে সেই কমিটি বাতিলের সুপারিশ করেছে এনসিপি।
সাংবাদিকদের সামনে নিজের দলের অবস্থান ব্যাখ্যা করে বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, ‘এই লড়াই আওয়ামী লীগের সঙ্গে লড়াই না, তাদের আমরা ৫ আগস্টেই পরাজিত করেছি। এখনকার লড়াই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে। ভারত বাংলাদেশের বিরুদ্ধে নানা বাজে প্রচারণা চালাচ্ছে। গতকালও হিন্দুত্ববাদী সংগঠন কর্তৃক সীমান্তের কাছে বাংলাদেশবিরোধী সমাবেশ করেছে, যেখানে পলাতক ফ্যাসিস্ট আওয়ামী লীগের কিছু নেতাও যুক্ত হয়েছে। অথচ, সংখ্যালঘুরা সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে আওয়ামী লীগ আমলে।’ আওয়ামী ফ্যাসিস্টের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর পাশে এনসিপি থাকবে বলেও তিনি উল্লেখ করেন।
ঐক্যের সংলাপ প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, ‘সরকারের পক্ষ থেকে ঐক্যের আহ্বান জানানো হয়েছে। তবে শুধু আলোচনার জন্য আলোচনা নয়, আলোচনা যাতে ফলপ্রসূ হয়। শুধু ডিসেম্বরকে কেন্দ্র করে নয়, জুলাইয়ের সব শক্তিকে নিয়ে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে ঐক্য প্রয়োজন।
উল্লেখ্য, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাম্প্রতিক নাশকতার পরিপ্রেক্ষিতে গত ১৮ নভেম্বর জাতীয় সংসদে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোকে এক মঞ্চে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। সেদিন সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানও দলগুলোর ঐক্যের প্রয়োজনীয়তা তুলে ধরেন এবং এ বিষয়ে প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা একান্তে কথা বলেন। সেই ধারাবাহিকতায় আজ থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধানমন্ত্রীর সংলাপ শুরু হয়েছে। প্রথম দল হিসেবে এনসিপির নেতারা আজ দুপুরে সরকারপ্রধানের সঙ্গে বৈঠক করলেন; জাতীয় ঐক্যের লক্ষ্যে জামায়াতসহ অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গেও পর্যায়ক্রমে আলোচনায় বসার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

