আওয়ার টাইমস নিউজ।
দেশজুড়ে ও সীমান্ত ডেস্ক: বিতর্কিত, পলাতক বা ফেরারি কোনো আসামি সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে ঢুকলেই তাকে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ময়মনসিংহ সেক্টরের কমান্ডার কর্নেল নাসির উদ্দিন। অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান, পুশইন ও যেকোনো নাশকতামূলক তৎপরতা ঠেকাতে সীমান্তে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলেও জানান তিনি।
আজ সোমবার (২৩ নভেম্বর ২০২৬) সকালে ময়মনসিংহের শহীদ মুশতাক মাহমুদ মাল্টিপারপাস শেডে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সেক্টর কমান্ডার।
কর্নেল নাসির উদ্দিন জানান, বাংলাদেশের সীমান্ত দিয়ে কোনো ব্যক্তি বা গোষ্ঠী যেন অবৈধভাবে প্রবেশ কিংবা বের হতে না পারে, সে বিষয়ে বিজিবি পেশাদারত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করছে। ময়মনসিংহ সেক্টরের অধীনে প্রায় ২৪৩ কিলোমিটার সীমান্ত রয়েছে এবং এই দীর্ঘ সীমান্তের নিরাপত্তায় তিনটি ব্যাটালিয়ন দিনরাত দায়িত্ব পালন করছে। ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর এলাকাগুলো চিহ্নিত করে নজরদারি ও অভিযান জোরদার করা হয়েছে।
আধুনিক প্রযুক্তি ও টহল জোরদার:
সীমান্ত সুরক্ষায় আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর কথা জানিয়ে বিজিবির এই কমান্ডার বলেন, বর্তমানে ৫০টির বেশি সিসিটিভি ক্যামেরা, ২০টির বেশি সার্চলাইট, নাইট ভিশন ডিভাইস ও ড্রোনের মাধ্যমে নজরদারি চলছে। পাশাপাশি আরও ৬৫টি সিসিটিভি ক্যামেরা ও ৩৩টি সার্চলাইট স্থাপনের কাজ চলমান রয়েছে। দুর্গম ও নদীতীরবর্তী এলাকায় বিশেষ এটিভি যান ব্যবহার করা হচ্ছে। জনবল বাড়িয়ে প্রতিটি বিওপির নিয়মিত চারটি টহলের পাশাপাশি বিশেষ টহলও পরিচালনা করা হচ্ছে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, হালুয়াঘাট ও নেত্রকোনার মহেশখালী সীমান্ত এলাকায় সম্ভাব্য তৎপরতা নিয়ে বিজিবি কিছু তথ্য পেয়েছে। গোয়েন্দা নজরদারি, মাঠপর্যায়ের তৎপরতা এবং ডিজিএফআই ও এনএসআইসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সেসব তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। তবে এখন পর্যন্ত ওইসব এলাকায় সন্দেহজনক কোনো তৎপরতা নজরে আসেনি।
পুশইন ও মানব পাচার প্রতিরোধ:
পুশইন ও মানব পাচার প্রতিরোধে বিজিবির সাফল্যের তথ্য তুলে ধরে কর্নেল নাসির উদ্দিন জানান, চলতি ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ২৩ নভেম্বর পর্যন্ত ময়মনসিংহ সেক্টরের আওতাধীন সীমান্তে ১১টি ঘটনায় ১৪১ জনের পুশইন প্রতিরোধ করা হয়েছে। একই সময়ে চারজন মানব পাচারকারীকে আটক এবং পাচারের শিকার ১৩ জন বাংলাদেশিকে উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ৫৮ জন মানব পাচারকারীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সীমান্ত এলাকায় অপরিচিত বা সন্দেহভাজন কাউকে চলাফেরা করতে দেখলে কিংবা অবৈধভাবে সীমান্ত পার হওয়ার চেষ্টা চোখে পড়লে দ্রুত বিজিবিকে জানাতে স্থানীয় জনগণ, জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন সেক্টর কমান্ডার।

