আওয়ার টাইমস নিউজ।
রাজনীতি ডেস্ক: ‘সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু আওয়ামী লীগকে নয়’, বিএনপির সাবেক চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুম খালেদা জিয়ার প্রায় ১৪ বছর আগের এই মন্তব্যটি সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন করে আলোচনায় এসেছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাম্প্রতিক কর্মসূচিকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও সংঘর্ষের ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তার সেই পুরোনো বক্তব্যের ভিডিও ও উদ্ধৃতি ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।
উল্লেখ্য, ২০১২ সালের ২৬ ডিসেম্বর রাজধানীতে একাধিক পথসভায় বক্তব্য দেওয়ার সময় তৎকালীন বিরোধীদলীয় নেতা হিসেবে খালেদা জিয়া আওয়ামী লীগকে নিয়ে ওই মন্তব্য করেছিলেন। সে সময় নির্বাচনকালীন সরকারব্যবস্থা ও রাজনৈতিক কর্মসূচি ঘিরে দেশের রাজনীতিতে চরম উত্তেজনা বিরাজ করছিল। দীর্ঘ এক যুগেরও বেশি সময় পর সাম্প্রতিক সহিংস ঘটনার পরিপ্রেক্ষিতে নেটিজেন এবং রাজনৈতিক বিশ্লেষকদের আলোচনায় বক্তব্যটি আবারও প্রাসঙ্গিক হয়ে উঠেছে।
সাম্প্রতিক সহিংসতা ও অস্থিরতার চিত্র:
সংশ্লিষ্ট সূত্র ও গণমাধ্যমের তথ্যমতে, ২০২৪ সালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা ঘিরে গত কয়েক সপ্তাহ ধরে দেশের বিভিন্ন স্থানে রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি পায়। ঢাকাসহ বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের সমর্থকদের কর্মসূচিকে কেন্দ্র করে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
চলতি নভেম্বর মাসের শুরুতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একটি কর্মসূচিকে ঘিরে ৯ নভেম্বর থেকে পরবর্তী তিন দিনে অন্তত ২১টি জেলায় যানবাহন ও ট্রেনে আগুন, ভাঙচুর এবং ককটেল হামলার অভিযোগ ওঠে। এসব সহিংসতায় গত ৭ থেকে ১৯ নভেম্বর পর্যন্ত বিএনপি নেতাকর্মীসহ মোট ৮ জন নিহত হয়েছেন বলে জানা গেছে। এর মধ্যে গত ১৮ নভেম্বর নড়াইলের কালিয়া উপজেলায় বিএনপির মিছিলে হামলায় দুই নেতা এবং ১৭ নভেম্বর ফরিদপুরের ভাঙ্গায় হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত হন। এ ছাড়া গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ও কাশিয়ানীতে থানা আক্রমণ ও বিএনপির দুই সংসদ সদস্যের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা মহানগরসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন করার পাশাপাশি পুলিশ অভিযান পরিচালনা করছে।
আওয়ামী লীগ প্রশ্নে সরকার ও বিএনপির অবস্থান:
সাম্প্রতিক পরিস্থিতিতে দলটির রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান আওয়ামী লীগকে রাজনৈতিক দল নয়, বরং ‘সন্ত্রাসী গোষ্ঠী’ হিসেবে উল্লেখ করে বলেন, দেশে-বিদেশে বারবার সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে তারা নিজেদের অবস্থান প্রমাণ করেছে এবং এই গোষ্ঠীকে আর মাথা তুলে দাঁড়াতে দেওয়া যাবে না। তিনি অভিযোগ করেন, পলাতক নেত্রী তার সমর্থকদের গণতন্ত্রকামী মানুষের বাড়িঘরে আগুন দেওয়ার নির্দেশ দিয়েছেন।
এদিকে প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন, আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করতে প্রয়োজনে বিরোধী দলকে নিয়ে সংবিধান সংশোধন করা হবে।
অন্যদিকে, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সরকার ও বিরোধী দল গণতান্ত্রিক প্রক্রিয়ায় আলোচনার মাধ্যমে রাজনৈতিক ষড়যন্ত্র ও সহিংসতার হোতাদের মোকাবিলা করবে। যেখানে আইনি ব্যবস্থা নেওয়া প্রয়োজন সেখানে সরকার ব্যবস্থা নেবে এবং রাজনৈতিকভাবে সহিংসতা প্রতিহত করতে বিএনপি কর্মসূচি নিয়ে মানুষের কাছে যাবে বলেও উল্লেখ করেন তিনি।

