আওয়ার টাইমস নিউজ।
অর্থনীতি ডেস্ক: টানা ৯ দফা দরপতনের পর অবশেষে দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে সোনার দাম। বিশ্ববাজারের সঙ্গে তাল মিলিয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম এক লাফে ৩ হাজার ১৪৯ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন এই সমন্বয়ের ফলে দেশের বাজারে ২২ ক্যারেট সোনার ভরি বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকায়।
আজ সোমবার (২৩ নভেম্বর ২০২৬) বাজুসের পক্ষ থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার এই নতুন বাজারদর জানানো হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, আজ সকাল ১০টা থেকেই সারাদেশের জুয়েলারি দোকানগুলোতে নতুন এই দর কার্যকর হয়েছে।
বাজুস নির্ধারিত সোনার নতুন বাজারদর (ভ্যাটসহ):
২২ ক্যারেট: প্রতি ভরি ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা।
২১ ক্যারেট: প্রতি ভরি ১ লাখ ৮৯ হাজার ১৯০ টাকা।
১৮ ক্যারেট: প্রতি ভরি ১ লাখ ৬২ হাজার ৫৩৮ টাকা।
সনাতন পদ্ধতি: প্রতি ভরি ১ লাখ ৩২ হাজার ২১১ টাকা।
বিজ্ঞপ্তিতে বাজুস স্পষ্ট করেছে যে, নির্ধারিত বিক্রয়মূল্যের সঙ্গে সরকারি ভ্যাট অন্তর্ভুক্ত রয়েছে; তাই গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে কোনো ভ্যাট আদায় করা যাবে না। তবে অলংকারের ডিজাইন ও মান অনুযায়ী ক্রেতাদের নির্ধারিত মজুরি পরিশোধ করতে হবে। এ ছাড়া পুরনো অলংকার এক্সচেঞ্জ (বদল) বা পারচেজের (বিক্রি) ক্ষেত্রে মজুরি ও পাথর বাদ দিয়ে যথাক্রমে ৯ শতাংশ এবং ১৫ শতাংশ বাদ দিতে হবে; তবে এসব ক্ষেত্রে আলাদাভাবে ভ্যাট বাদ দেওয়া যাবে না। পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত এই দাম কার্যকর থাকবে।
এর আগে, গত ৬ নভেম্বর থেকে ২১ নভেম্বর পর্যন্ত মাত্র ১৫ দিনের ব্যবধানে টানা ৯ দফায় সোনার দাম ভরিতে সর্বোচ্চ ৩৪ হাজার ৭০০ টাকা কমানো হয়েছিল। সর্বশেষ গত শনিবার (২১ নভেম্বর) রাতে ভরিতে ৬ হাজার ১৮২ টাকা কমানোয় দীর্ঘ ১৩ মাস পর ২ লাখ টাকার নিচে নেমে ২২ ক্যারেট সোনার ভরি দাঁড়িয়েছিল ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকায়। তবে আজকের মূল্যবৃদ্ধির মাধ্যমে টানা দরপতনের সেই ধারায় ছেদ পড়ল।
বাজুসের তথ্যমতে, সর্বশেষ এই সমন্বয়ের মধ্য দিয়ে চলতি ২০২৬ সালে এখন পর্যন্ত দেশের বাজারে মোট ১৪৩ বার সোনার দাম সমন্বয় করা হলো। এর মধ্যে ৬৬ দফা দাম বাড়ানো হয়েছে, ৭৬ দফায় কমানো হয়েছে এবং এক দফা ভ্যাট সমন্বয় করা হয়েছে। এর আগে ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার সোনার দাম সমন্বয় করা হয়েছিল, যার মধ্যে ৬৪ বার বাড়ানো হয় এবং ২৯ বার কমানো হয়েছিল।

