আওয়ার টাইমস নিউজ।
অর্থনীতি ডেস্ক: টানা দরপতনের পর দেশের বাজারে স্বর্ণের দাম আজ সোমবার (২৩ নভেম্বর ২০২৬) অপরিবর্তিত রয়েছে। ফলে গত ২১ নভেম্বর রাতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ঘোষিত সর্বশেষ বিজ্ঞপ্তি অনুযায়ী নির্ধারিত দরেই আজ সারাদেশের জুয়েলারি দোকানগুলোতে স্বর্ণ কেনাবেচা হচ্ছে। সব মিলিয়ে গত দুই সপ্তাহে টানা নয় দফায় ২২ ক্যারেট স্বর্ণের দাম ভরিতে ৩৪ হাজার ৭০০ টাকা কমে দীর্ঘ প্রায় ১৩ মাস পর আবারও দুই লাখ টাকার নিচে অবস্থান করছে।
ক্যারেট ও ওজনভেদে আজকের স্বর্ণের বাজারদর (২৩ নভেম্বর ২০২৬):
২২ ক্যারেট: প্রতি ভরি ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা এবং প্রতি গ্রাম ১৬ হাজার ৭১৫ টাকা।
২১ ক্যারেট: প্রতি ভরি ১ লাখ ৮৬ হাজার ২১৬ টাকা এবং প্রতি গ্রাম ১৫ হাজার ৯৬৫ টাকা।
১৮ ক্যারেট: প্রতি ভরি ১ লাখ ৫৯ হাজার ৯৭২ টাকা এবং প্রতি গ্রাম ১৩ হাজার ৭১৫ টাকা।
সনাতন পদ্ধতি: প্রতি ভরি ১ লাখ ৩০ হাজার ৩৪৫ টাকা এবং প্রতি গ্রাম ১১ হাজার ১৭৫ টাকা।
এর আগে গত শনিবার (২১ নভেম্বর) ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৬ হাজার ১৮২ টাকা কমানো হয়। বাজুসের তথ্য বিশ্লেষণে দেখা যায়, ২০২৫ সালের ৬ অক্টোবর ২২ ক্যারেট স্বর্ণের ভরি দেশের বাজারে প্রথমবার ২ লাখ টাকা ছাড়ায়। ওই মাসের ২৯ অক্টোবর একবার ২ লাখ টাকার নিচে নামলেও এরপর থেকে তা ২ লাখ টাকার বেশি দরেই বিক্রি হচ্ছিল।
চলতি ২০২৬ সালের ২৯ জানুয়ারি আন্তর্জাতিক বাজারের সঙ্গে তাল মিলিয়ে দেশের বাজারে স্বর্ণের দাম ২ লাখ ৮৬ হাজার ১ টাকা পর্যন্ত উঠেছিল, যা দেশের বাজারে স্বর্ণের সর্বোচ্চ রেকর্ড। এরপর থেকে দাম বাড়া-কমার মধ্য দিয়ে লেনদেন চললেও চলতি নভেম্বর মাস থেকে টানা দরপতন শুরু হয়। সেই ধারাবাহিকতায় গত শনিবার (২১ নভেম্বর) স্বর্ণের ভরি আবারও দুই লাখ টাকার নিচে নেমে আসে।

