আওয়ার টাইমস নিউজ।
অর্থনীতি ডেস্ক: দেশের তৈরি পোশাক খাতে চলমান অস্থিতিশীল পরিস্থিতির কারণে গত ১৮ দিনে ৩১৭টি কারখানার উৎপাদন ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ৪২৮ মিলিয়ন মার্কিন ডলার। একই সময়ে বিদেশি ক্রেতারা বাংলাদেশ থেকে ২৫৪ মিলিয়ন ডলার মূল্যের ৫৯ মিলিয়ন পিস পোশাকের নিশ্চিত রপ্তানি আদেশ অন্য দেশে সরিয়ে নিয়েছেন।
বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) মহাসচিব মেজর জেনারেল ড. মো. সাহেদুল ইসলাম (অব.) স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজিএমইএর এক সাম্প্রতিক জরিপে দেখা গেছে, চলতি নভেম্বর মাসের ১ থেকে ১৮ তারিখ পর্যন্ত শিল্পাঞ্চলে অস্থিতিশীলতা ও বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে জরিপে অংশ নেওয়া ৩১৭টি কারখানার উৎপাদন কার্যক্রম সর্বনিম্ন ১ দিন থেকে সর্বোচ্চ ১৬ দিন পর্যন্ত বন্ধ রাখতে হয়েছে। এতে কারখানাগুলোর ফ্রি অন বোর্ড (এফওবি) মূল্য অনুযায়ী উৎপাদন ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ৪২৮ মিলিয়ন মার্কিন ডলার।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, উৎপাদন ব্যাহত হওয়ায় নির্ধারিত সময়ে পণ্য সরবরাহ করতে না পারার কারণে অধিকাংশ রপ্তানি আদেশ এখন গভীর ঝুঁকির মুখে পড়েছে। অর্ডার ধরে রাখতে কারখানাগুলোকে বাড়তি খরচে আকাশপথে পণ্য পাঠানো, বড় অঙ্কের মূল্যছাড় দেওয়া এবং কোনো কোনো ক্ষেত্রে সরাসরি অর্ডার বাতিলের মতো কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে। জরিপে অংশ নেওয়া কারখানাগুলোর তথ্যমতে, বিদেশি ক্রেতারা ইতোমধ্যে নিশ্চিত করা অর্ডার থেকে ২৫৪ মিলিয়ন ডলার মূল্যের ৫৯ মিলিয়ন পিস পোশাক অন্য দেশে সরিয়ে নিয়েছেন।
বিজিএমইএ জানিয়েছে, জরিপে উঠে আসা এই পরিসংখ্যান প্রকৃত ক্ষতির আংশিক চিত্র মাত্র। সংগঠনটির দাবি, ক্ষতিগ্রস্ত কারখানার সংখ্যা ৬০০-এর বেশি হলেও স্বল্প সময়ের এই জরিপে মাত্র ৩১৭টি কারখানা অংশ নিতে পেরেছে। এ ছাড়া জরিপের সময়সীমা ১৮ নভেম্বর পর্যন্ত নির্ধারিত থাকলেও শিল্পাঞ্চলে অস্থিরতা এখনো অব্যাহত থাকায় সামগ্রিক ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সংগঠনটি আরও জানায়, বিপুল আর্থিক ক্ষতির পাশাপাশি আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের পোশাকশিল্পের ভাবমূর্তি, নির্ভরযোগ্যতা ও ভবিষ্যৎ সম্ভাবনার ওপরও নেতিবাচক প্রভাব পড়ার শঙ্কা তৈরি হয়েছে। ইতোমধ্যে বড় অঙ্কের রপ্তানি আদেশ অন্য দেশে স্থানান্তরিত হওয়াকে সেই নেতিবাচক প্রভাবের প্রতিফলন হিসেবে দেখছে বিজিএমইএ।
দেশের সামগ্রিক অর্থনীতি এবং এই খাতে নিয়োজিত লাখ লাখ শ্রমিকের জীবন-জীবিকার স্বার্থে চলমান সংকট থেকে দ্রুত উত্তরণ জরুরি বলে মনে করে বিজিএমইএ। শিল্পের উৎপাদন ও রপ্তানি কার্যক্রম স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সব পক্ষের দায়িত্বশীল আচরণ ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে সংগঠনটি।

