আওয়ার টাইমস নিউজ।
জাতীয় ও রাজনীতি ডেস্ক: দুই বছরেরও বেশি সময় ধরে ভারতে নির্বাসিত জীবন কাটানোর পর আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে দেশে ফিরতে চান ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ লক্ষ্যে ভারতের রাজধানী নয়াদিল্লি থেকে ঢাকায় ফিরতে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
আজ মঙ্গলবার (২৪ নভেম্বর ২০২৬) আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে শেখ হাসিনার মুখপাত্রের বরাতে এই তথ্য প্রকাশ করা হয়েছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, দেশত্যাগের পর শেখ হাসিনার দেশে ফেরার জন্য নির্দিষ্ট কোনো তারিখ আনুষ্ঠানিকভাবে জানানোর ঘটনা এটিই প্রথম। বাংলাদেশের মহান বিজয় দিবস ১৬ ডিসেম্বর দেশে ফেরার পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি।
বিশ্লেষকদের ধারণা, তার এই ঘোষণায় দেশের চলমান রাজনৈতিক ও আইনি পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠতে পারে। এর আগে চলতি মাসের শুরুতে নতুন পাসপোর্ট ও অন্যান্য প্রয়োজনীয় নথিপত্র চাওয়ার পর থেকেই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের ঘিরে দেশের বিভিন্ন স্থানে সহিংসতা বেড়েছে।
শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী এক বিবৃতিতে বলেন, ‘২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশি বিমানে করে শেখ হাসিনাকে ভারতে নিয়ে যাওয়া হয়েছিল। এখন তিনি সরকারের কাছে দিল্লি থেকে ঢাকায় ফেরার জন্য একইভাবে বিমান পরিবহনের ব্যবস্থা করার আহ্বান জানিয়েছেন।’
বিবৃতিতে আরও দাবি করা হয়, সংবিধানবহির্ভূত পরিস্থিতিতে শেখ হাসিনাকে দেশত্যাগে বাধ্য করা হয়েছিল; তাই আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে তাকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা সরকারের দায়িত্ব। তবে এই বিবৃতির বিষয়ে তাৎক্ষণিকভাবে বাংলাদেশ সরকারের কোনো মুখপাত্রের মন্তব্য পাওয়া যায়নি।
এদিকে গত রোববার রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশ সরকারের একজন মন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, শেখ হাসিনা দেশে ফিরলে তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে। পাশাপাশি তাকে ফিরিয়ে আনার জন্য বিমান পাঠানো নিয়ে ভারতের সঙ্গে বাংলাদেশ সরকারের কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি বলেও জানান ওই মন্ত্রী।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। জাতিসংঘের হিসাব অনুযায়ী, ওই আন্দোলন দমনে পরিচালিত সহিংসতায় সর্বোচ্চ ১ হাজার ৪০০ মানুষ নিহত হয়েছিলেন। গণ-অভ্যুত্থান দমনে প্রাণঘাতী অভিযান চালানোর নির্দেশ দেওয়ার অভিযোগে গত বছরের নভেম্বর মাসে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পলাতক শেখ হাসিনার অনুপস্থিতিতে তাকে মৃত্যুদণ্ড প্রদান করেন। তবে নির্বাসনে থাকা শেখ হাসিনা বরাবরই তার বিরুদ্ধে আনা এসব অভিযোগ অস্বীকার করে আসছেন।

