আওয়ার টাইমস নিউজ।
ধর্ম ও জাতীয় ডেস্ক: আসন্ন হজে গমনেচ্ছু যাত্রীদের সার্বিক সুবিধার কথা বিবেচনা করে প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ নির্দেশনায় হজের বিমানভাড়া কমিয়ে দেওয়া হয়েছে। ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) এই তথ্য জানিয়েছেন।
গতকাল বৃহস্পতিবার (২৬ নভেম্বর) মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মধুপুর জামিয়া হালিমিয়া মাদ্রাসার দুই দিনব্যাপী ৫৩তম বার্ষিক ও ইসলাহি মাহফিলে টেলিকনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে যুক্ত হয়ে ধর্মমন্ত্রী এ ঘোষণা দেন।
ধর্মবিষয়ক মন্ত্রী জানান, হজযাত্রীদের আর্থিক চাপ ও ব্যয় কমিয়ে আনতে প্রধানমন্ত্রী তারেক রহমান এই উদ্যোগ নিয়েছেন। তিনি বলেন, দেশের ধর্মীয় প্রতিষ্ঠান ও ধর্মপ্রাণ মানুষের কল্যাণে সরকার বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে এবং হজযাত্রীদের যাতায়াত সহজ ও সাশ্রয়ী করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
বক্তব্যে ধর্মমন্ত্রী মধুপুরের পীর সাহেব হজরত মাওলানা আব্দুল হামিদসহ দেশের সব আলেম-ওলামার প্রতি দেশ ও জাতির শান্তি, স্থিতিশীলতা ও কল্যাণের জন্য বিশেষ দোয়া করার আহ্বান জানান।
মধুপুর মাদরাসার মহাপরিচালক, খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির আমির ও হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির হজরত মাওলানা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুরের সভাপতিত্বে এবং মাদরাসার নায়েবে মুহতামিম মাওলানা উবায়দুল্লাহ কাসেমীর পরিচালনায় এই মাহফিল অনুষ্ঠিত হচ্ছে।
মাহফিলে বয়ান পেশ করেন সাবেক ধর্ম উপদেষ্টা মাওলানা ড. আ ফ ম খালিদ হোসেন, মাওলানা আব্দুল আউয়াল, মুফতি দিলাওয়ার হোসাইন, মাওলানা হাসান জামিল ও মাওলানা গাজী ইয়াকুব উসমানীসহ দেশের বিশিষ্ট আলেমরা। এতে স্থানীয় আলেম-ওলামা, ধর্মপ্রাণ মুসল্লি ও বিভিন্ন শ্রেণি-পেশার হাজার হাজার মানুষ অংশ নেন।

