আওয়ার টাইমস নিউজ।
অর্থনীতি ও বাজার ডেস্ক: আন্তর্জাতিক বাজারের মূল্য নির্ধারণ ফর্মুলা অনুযায়ী দেশে সয়াবিন তেলের দাম আরও কিছুটা বাড়ার কথা থাকলেও আমদানিকারকদের রাজি করিয়ে বর্তমান দামেই তা ধরে রাখা হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য ও শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। পাশাপাশি আসন্ন রমজান মাসকে সামনে রেখে দেশে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ ও মজুত পরিস্থিতি সন্তোষজনক রয়েছে বলেও আশ্বস্ত করেছেন তিনি।
গতকাল শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে কাফকোর করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কর্মসূচির আওতায় অসচ্ছল শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের কৃত্রিম অঙ্গ প্রতিস্থাপনে আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।
ভোজ্যতেলের দাম ও মূল্য নির্ধারণ ফর্মুলা:
ভোজ্যতেলের বাজারদর প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী বলেন, সয়াবিন বা পাম অয়েলের উৎসস্থল বাংলাদেশ নয়; ফলে আন্তর্জাতিক উৎসে দাম বাড়লে বা কমলে দেশে তার সরাসরি প্রভাব পড়ে। তিনি বলেন, সরকার যে ফর্মুলায় তেলের দাম নির্ধারণ করে, সেই হিসাব অনুযায়ী দাম আরও বেশি হওয়ার কথা ছিল। কিন্তু একপ্রকার জোর করেই আমদানিকারকদের বর্তমান দামে রাজি করিয়ে মূল্যবৃদ্ধি আটকে রাখা হয়েছে।
মূল্য নির্ধারণ প্রক্রিয়ার স্বচ্ছতা তুলে ধরে খন্দকার আব্দুল মুক্তাদির জানান, আন্তর্জাতিক বাজারে পণ্যের সিএফআর মূল্য, বন্দরের ব্যয়, প্রক্রিয়াজাতকরণ খরচ এবং অপচয়ের হিসাব বিবেচনায় নিয়ে প্রতি লিটার তেলের দাম নির্ধারণ করা হয়। এটি কোনো গোপন বিষয় নয়; চাইলে বাণিজ্য মন্ত্রণালয় থেকে এই ফর্মুলা সংগ্রহ করে যে কেউ হিসাব মিলিয়ে দেখতে পারবেন।
রমজানের বাজার ও সরবরাহ পরিস্থিতি:
আসন্ন রমজান উপলক্ষে নিত্যপণ্যের মজুত নিয়ে মন্ত্রী বলেন, বর্তমানে বাজারে পণ্যের সরবরাহ স্বাভাবিক ও স্থিতিশীল রয়েছে এবং রমজান সামনে রেখে অত্যাবশ্যকীয় পণ্যের সরবরাহ পরিস্থিতিও ভালো, এ নিয়ে আপাতত কোনো সংকট নেই। বাজার স্থিতিশীল রাখতে পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা এবং দাম সহনীয় পর্যায়ে রাখা, এই দুটি বিষয়েই সরকার গুরুত্ব দিচ্ছে বলে জানান তিনি।
গোপালগঞ্জে বিকাশ লেনদেন প্রসঙ্গ:
গোপালগঞ্জে বিকাশের লেনদেন সীমিত বা বন্ধ রাখা সংক্রান্ত এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, বিষয়টি বাংলাদেশ ব্যাংক ও অর্থ মন্ত্রণালয়ের এখতিয়ারভুক্ত। তবে গণমাধ্যমের তথ্যের বরাতে তিনি উল্লেখ করেন, সেখানে অর্থ প্রবাহের যে অস্বাভাবিক গতি লক্ষ করা গেছে তা যথেষ্ট প্রশ্নের জন্ম দিয়েছে এবং সে কারণেই সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
শিল্প মন্ত্রণালয়ের সচিব ও কাফকো চেয়ারম্যান আব্দুন নাসের খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য এম এ মালিক, বিসিআইসি চেয়ারম্যান বাবুল মিঞা, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী, সিলেট ওয়াসার চেয়ারম্যান মিফতাহ সিদ্দিকী, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী এবং জালালাবাদ গ্যাসের পরিচালক বদরুজ্জামান সেলিম।

