আওয়ার টাইমস নিউজ।
সারাদেশ ও ফেনী ডেস্ক: স্থানীয়দের তীব্র ক্ষোভ ও বিতর্কের মুখে অবশেষে রাতের আঁধারেই থানা ছাড়তে হলো ফেনীর দাগনভূঞা থানার প্রত্যাহারকৃত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজিম নোমানকে। যুব মহিলা লীগের এক নেত্রীর সঙ্গে আপত্তিকর ফোনালাপ ফাঁসের ঘটনায় প্রত্যাহারের আদেশ হওয়ার চার দিন পর গতকাল শনিবার (২৮ নভেম্বর) ভোরে তাকে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়। এর আগে শুক্রবার রাত পর্যন্ত তিনি থানা না ছাড়ায় পুরো এলাকায় চরম উত্তেজনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছিল।
শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মু. সাইফুল ইসলাম।
নতুন দায়িত্বে ওসি (তদন্ত):
অতিরিক্ত পুলিশ সুপার মু. সাইফুল ইসলাম জানান, জেলা পুলিশ সুপার যোগদানের পর বিভাগীয় নির্দেশনা অনুযায়ী ওসি নোমানের বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। গত বুধবার তাকে প্রত্যাহার করা হলেও থানার দায়িত্ব বুঝিয়ে দেওয়া এবং আনুষঙ্গিক প্রস্তুতির কারণে পুলিশ লাইন্সে সংযুক্ত হতে কিছুটা বিলম্ব হয়েছে; এতে আইনের কোনো ব্যত্যয় ঘটেনি বলে দাবি করেন তিনি।
এদিকে দাগনভূঞা থানায় নতুন ওসি পদায়ন না হওয়া পর্যন্ত ওসি (তদন্ত) ফেরদৌসি বেগম ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন। দায়িত্ব গ্রহণের পর ফেরদৌসি বেগম জানান, শনিবার সকাল থেকেই তিনি থানার কার্যক্রম বুঝে নিয়েছেন। দায়িত্ব পালনকালে থানায় কোনো দালাল বা মামলা বাণিজ্যে জড়িতদের প্রশ্রয় দেওয়া হবে না এবং সাধারণ সেবাপ্রার্থীরা যাতে কোনোভাবেই হয়রানির শিকার না হন, সে বিষয়ে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখা হবে।
ফোনালাপ ফাঁস ও আগের বিতর্কিত কর্মকাণ্ড:
এর আগে গত মঙ্গলবার গভীর রাতে দাগনভূঞা পৌর যুব মহিলা লীগের সভাপতি তাসকিরা তানিন সনির সঙ্গে ওসি ফয়জুল আজিম নোমানের একটি আপত্তিকর ফোনালাপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। এর পরিপ্রেক্ষিতে বুধবার বিকেলে তাকে থানা থেকে প্রত্যাহার করে খাগড়াছড়িতে বদলি করা হয়েছিল।
উল্লেখ্য, ওসি নোমানের বিরুদ্ধে দায়িত্ব পালনকালে আরও একাধিক বিতর্কের অভিযোগ রয়েছে। গত ১০ আগস্ট আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও মামলা রেকর্ড না করার অভিযোগে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক তাকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছিলেন। ওই ঘটনায় তদন্ত কমিটি গঠিত হলেও প্রতিবেদন আর প্রকাশ পায়নি। এ ছাড়া নিষিদ্ধ রাজনৈতিক দলের নেতাকর্মীদের সঙ্গে গোপন যোগাযোগ, মাদক কারবারিদের সঙ্গে সখ্য এবং মামলা বাণিজ্যের মতো গুরুতর অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

