আওয়ার টাইমস নিউজ।
খেলা ও ক্রীড়া ডেস্ক: আগামী ফেব্রুয়ারিতে মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলে টেস্ট ও আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন মুশফিকুর রহিম। গতকাল শনিবার (২৮ নভেম্বর ২০২৬) বিকেলে বিসিবি সভাপতি তামিম ইকবাল খবরটি জানানোর পর রাত সাড়ে ১১টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন মুশফিক নিজেই।
নিজের ফেসবুক পোস্টে ৩৯ বছর বয়সি এই অভিজ্ঞ ব্যাটার লিখেছেন, ‘আপনারা ইতোমধ্যেই জেনেছেন, আমার সবচেয়ে প্রিয় ক্রিকেট ফরম্যাটকে বিদায় জানানোর সময় এসেছে। আলহামদুলিল্লাহ, শৈশবের স্বপ্নকে বাস্তবে বাঁচার অসাধারণ ২২টি বছর। সর্বোচ্চ পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা আমার জীবনের সবচেয়ে বড় সম্মান ও গর্ব। এই সুন্দর যাত্রার সুযোগ করে দেওয়ার জন্য মহান আল্লাহর কাছে আমি চিরকৃতজ্ঞ।
কৃতজ্ঞতা ও মিরপুরের স্মৃতিচারণ:
দীর্ঘ ক্যারিয়ারে পাশে থাকার জন্য পরিবার, শিক্ষক, কোচ, সতীর্থ, বন্ধু ও ভক্ত-সমর্থকদের ভালোবাসা ও সমর্থনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মুশফিক।
এ পর্যন্ত ১০৮টি টেস্টে ৭ হাজারের বেশি রান সংগ্রহ করা এই ক্রিকেটার তার আবেগঘন বার্তায় আরও উল্লেখ করেছেন, ‘প্রতিবার ব্যাট হাতে মাঠে নামার সময় আপনাদের উচ্ছ্বাস আর মিরপুরের গ্যালারিতে প্রতিধ্বনিত হওয়া ‘মুশফিক, মুশফিক’ ধ্বনি চিরকাল আমার হৃদয়ে বিশেষ জায়গা নিয়ে থাকবে।
উল্লেখ্য, শনিবার বিসিবি বোর্ড সভা শেষে সংবাদ সম্মেলনে মুশফিকের পক্ষ থেকে টেস্ট অবসরের ঘোষণা দেন বিসিবি সভাপতি তামিম ইকবাল; এরপর গভীর রাতে ফেসবুক পোস্টে নিজেই সে সিদ্ধান্তের সত্যতা ও অনুভূতির কথা জানান মুশফিকুর রহিম।

