আওয়ার টাইমস নিউজ।
জাতীয় ও শিক্ষা ডেস্ক: গোপালগঞ্জের শিক্ষার্থীদের পরীক্ষা আয়োজন করা নিয়ে নিজের দুশ্চিন্তা ও উদ্বিগ্নতার কথা প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। শনিবার (২৮ নভেম্বর) সকালে রাজধানীর মিরপুরের সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন, প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি এবং উচ্চশিক্ষার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আয়োজিত ‘অধ্যক্ষ সম্মিলনে’ বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন, একটি বা দুটো বিষয় পরিবর্তনের কারণে শিক্ষার্থীরা অযথা বসে থাকুক এবং মাদক কিংবা মোবাইল আসক্তিতে জড়িয়ে পড়ুক, সরকার তা চায় না। বিগত সময়ে সমন্বয়হীনতার কারণে কোথাও কোথাও অপ্রয়োজনীয়ভাবে শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে উঠেছে, আবার কোথাও প্রয়োজন থাকা সত্ত্বেও হয়নি বলে মন্তব্য করেন তিনি।
শিক্ষাব্যবস্থার সংস্কার ও অতীত মূল্যায়ন:
এহছানুল হক মিলন অতীতের বিভিন্ন শিক্ষানীতির প্রসঙ্গ টেনে বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতিকে স্বাধীনতা ও সার্বভৌমত্ব দিয়েছিলেন; আর বেগম খালেদা জিয়ার সময়ে জাতীয় বিশ্ববিদ্যালয় আইন এবং ১৯৯২ সালে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন প্রণয়নের মাধ্যমে আধুনিক প্রযুক্তি ও দ্রুতগতির শিক্ষাব্যবস্থার উদ্যোগ নেওয়া হয়েছিল।
অন্যদিকে বিগত ১৭ বছরে শিক্ষাব্যবস্থাকে পিছিয়ে দেওয়া হয়েছে এবং জাতিকে অন্ধকারে ঠেলে দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি। তাঁর ভাষ্য অনুযায়ী, গোপনে এমন কারিকুলাম তৈরি করা হয়েছিল, যা সাধারণ জনগোষ্ঠীকে প্রকৃত শিক্ষা থেকে বঞ্চিত করেছে।
নতুন পাঠ্যবই ও কারিগরি শিক্ষার ওপর জোর:
শিক্ষামন্ত্রী জানান, এবার চতুর্থ শ্রেণির জন্য নতুন বই দেওয়া হয়েছে এবং ক্রীড়া, যুব ও সংস্কৃতি মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে সংশ্লিষ্ট বিষয়গুলো প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরা হয়েছে। কারিগরি শিক্ষার গুরুত্ব তুলে ধরে তিনি আরও বলেন, দেশের কারিগরি শিক্ষাকে আরও শক্তিশালী করতে ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষার নতুন পাঠ্যবই যুক্ত করা হয়েছে।

