আওয়ার টাইমস নিউজ।
জাতীয় ও শিক্ষা ডেস্ক: বিগত ফ্যাসিবাদী শাসনামলে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এখন সবাইকে সম্মিলিতভাবে শিক্ষাব্যবস্থাকে সুন্দর ও যুগোপযোগী করে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তিনি।
আজ শনিবার (২৮ নভেম্বর ২০২৬) বেলা ১২টায় রাজধানীর মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে আয়োজিত ‘অধ্যক্ষ সম্মিলন-২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
শিক্ষার মান ও প্রযুক্তিনির্ভরতার তাগিদ:
দেশের উচ্চশিক্ষার বর্তমান চিত্র তুলে ধরে তারেক রহমান প্রশ্ন রাখেন, দেশে কলেজ ও শিক্ষার্থীর সংখ্যা বাড়লেও সেই অনুপাতে শিক্ষার মান কতটা বাড়ানো সম্ভব হয়েছে?
বেকারত্ব দূরীকরণে প্রযুক্তিনির্ভর শিক্ষার ওপর জোর দিয়ে প্রধানমন্ত্রী বলেন, শিক্ষার্থীরা যদি আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থার সঙ্গে নিজেদের খাপ খাইয়ে নিতে না পারে, তবে কোনোভাবেই বেকারত্ব কমানো সম্ভব হবে না। চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোকে গতানুগতিক মুখস্থনির্ভর শিক্ষাপদ্ধতি থেকে বেরিয়ে আসার আহ্বান জানান তিনি। এর পরিবর্তে উদ্ভাবনমুখী, দক্ষতাভিত্তিক এবং কর্মসংস্থান উপযোগী শিক্ষাব্যবস্থা গড়ে তোলার কোনো বিকল্প নেই বলেও উল্লেখ করেন সরকারপ্রধান।
শিক্ষাপ্রতিষ্ঠানের ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনের পরামর্শ:
বক্তব্যে জ্বালানি সাশ্রয় ও নবায়নযোগ্য শক্তির ব্যবহার বাড়ানোর বিষয়েও গুরুত্বপূর্ণ নির্দেশনা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়সহ দেশের সব কলেজের ভবনের ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনের বিশাল সুযোগ রয়েছে। বিদ্যুৎ চাহিদা মেটাতে ও পরিবেশবান্ধব জ্বালানি নিশ্চিত করতে তিনি এসব শিক্ষাপ্রতিষ্ঠানের ছাদে সোলার প্যানেল বা সৌরবিদ্যুৎ স্থাপনের পরামর্শ দেন।

