আওয়ার টাইমস নিউজ।
দেশজুড়ে ডেস্ক: আপত্তিকর ফোনালাপ ফাঁসের ঘটনায় ফেনীর দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজিম নোমানকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। তবে আদেশের তিন দিন পেরিয়ে গেলেও তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর না করায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।
গত বুধবার (২৫ নভেম্বর) বিকেলে কার্যক্রম নিষিদ্ধ পৌর যুব মহিলা লীগের সভাপতি তাসকিরা তানিন সনির সঙ্গে সংশ্লিষ্ট একটি আপত্তিকর ফোনালাপ ফাঁসের জেরে ওসি নোমানকে দাগনভূঞা থানা থেকে প্রত্যাহারের আদেশ দেওয়া হয়। কিন্তু শুক্রবার (২৭ নভেম্বর) পর্যন্ত তিনি থানার দায়িত্ব না ছাড়ায় এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
পুরোনো বিতর্ক ও স্থানীয়দের নানা অভিযোগ:
এর আগেও আদালতের নির্দেশ অমান্য করার অভিযোগে বিতর্কে জড়িয়েছিলেন এই পুলিশ কর্মকর্তা। গত ১০ আগস্ট জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক দাগনভূঞার মোমারিজপুর গ্রামের রাকিব হাসানের স্ত্রী বিবি মারজাহানের একটি অভিযোগ এজাহার হিসেবে রেকর্ড করার নির্দেশ দিলেও তা বাস্তবায়ন না করার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। ওই ঘটনায় বিচারক অভিযোগ তদন্ত ও তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছিলেন এবং তার দায়িত্ব পালনের সক্ষমতা নিয়েও প্রশ্ন তুলেছিলেন। পরে পুলিশি তদন্ত কমিটি গঠিত হলেও সেই প্রতিবেদন এখনো প্রকাশ্যে আসেনি।
এ ছাড়া স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দাগনভূঞা থানায় দায়িত্ব পালনকালে রাজনৈতিক পরিচয়ে হয়রানি, মামলা ও গ্রেপ্তার বাণিজ্য, মাদক কারবারিদের সঙ্গে সখ্য, নিষিদ্ধ রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ এবং সাধারণ মানুষের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের মতো নানা কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন তিনি। থানায় জিডি ও মামলা নিতে অর্থ দাবি এবং অর্থ ছাড়া সেবা দিতে অনীহার কারণে সাধারণ মানুষ ভোগান্তির শিকার হচ্ছিলেন বলেও অভিযোগ রয়েছে। পাশাপাশি এলাকায় চুরি, ডাকাতি ও ছিনতাই বেড়ে যাওয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা।
দায়িত্ব হস্তান্তর ও পুলিশের বক্তব্য:
একাধিক সূত্রের দাবি, প্রশাসনিক প্রক্রিয়ার সুযোগ কাজে লাগিয়ে দায়িত্ব হস্তান্তরে বিলম্ব করার চেষ্টা চলছে। তবে এ বিষয়ে জানতে চাইলে ওসি ফয়জুল আজিম নোমান বলেন, দায়িত্ব বুঝিয়ে দেওয়া এবং নিজের ব্যক্তিগত জিনিসপত্র গোছাতে একটু সময় লাগবে; বিভাগীয় সিদ্ধান্ত অমান্য করার কোনো সুযোগ নেই।
অন্যদিকে দাগনভূঞা থানার ওসি (তদন্ত) ফেরদৌসি আক্তার জানিয়েছেন, তিনি এখনো দায়িত্ব বুঝে পাননি।
এ প্রসঙ্গে ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. সাইফুল ইসলাম বলেন, দায়িত্ব হস্তান্তরে কিছুটা বিলম্ব হলেও দ্রুতই নোমান থানা থেকে বিদায় নিয়ে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত হবেন; এ ক্ষেত্রে গড়িমসির কোনো সুযোগ নেই। তার স্থলাভিষিক্ত হিসেবে এখনো কাউকে পদায়ন করা হয়নি বলে আপাতত ওসি (তদন্ত) থানার দায়িত্ব পালন করবেন বলেও জানান তিনি।

