আওয়ার টাইমস নিউজ।
রাজনীতি ও সোশ্যাল মিডিয়া ডেস্ক: ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুর গুঞ্জনের মাঝে তাকে সুস্থ ও জীবিত প্রমাণ করতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অফিশিয়াল পেজ থেকে একটি অডিও বার্তা প্রচার করা হয়েছে। তবে ফ্যাক্টচেক প্রতিবেদন ও রাজনৈতিক মহলের দাবি, সুস্থতার প্রমাণ হিসেবে প্রচারিত ওই অডিওটি অন্তত এক বছর আগের। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।
পুরোনো অডিও নিয়ে ফ্যাক্টচেক ও বিতর্ক:
সামাজিক যোগাযোগমাধ্যমে গত কয়েক দিন ধরে শেখ হাসিনার শারীরিক অবস্থা ও মৃত্যুর গুঞ্জন নিয়ে নানা দাবি ছড়িয়ে পড়ে। এই প্রেক্ষাপটে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অফিশিয়াল ফেসবুক পেজে তার সুস্থতার প্রমাণ হিসেবে একটি অডিও প্রকাশ করা হয়।
তবে ‘দ্যা ডিসেন্ট’-এর একটি ফ্যাক্টচেক প্রতিবেদনে দাবি করা হয়েছে, প্রচারিত ওই অডিওটি অন্তত এক বছর আগে থেকেই অনলাইনে পাওয়া যাচ্ছে; যদিও শেখ হাসিনার সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।
রাজনৈতিক নেতাদের প্রশ্ন ও পরামর্শ:
পুরোনো অডিও ব্যবহারের ঘটনায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন গতকাল শুক্রবার (২৭ নভেম্বর ২০২৬) নিজের ফেসবুক পেজে দ্যা ডিসেন্টের ফ্যাক্টচেক প্রতিবেদনটি শেয়ার করে মন্তব্য করেন, যেহেতু এক বছর আগের অডিও ব্যবহার করা হয়েছে, সেহেতু বুঝতে আর কারও কিছু বাকি থাকে না; এখন একমাত্র উপায় ফেসবুক লাইভে এসে বলা।
অন্যদিকে, আজ শনিবার (২৮ নভেম্বর ২০২৬) সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফও প্রশ্ন তোলেন, ‘তাহলে কি শেখ হাসিনার মৃত্যুর খবরটিই সত্য?’ দীর্ঘ আড়াই বছর ধরে ভারতে আশ্রয়ে থাকার পরও প্রকাশ্যে না আসা, কথিত অডিওর সত্যতা নিয়ে বিতর্ক এবং মৃত্যুর দাবিতে ছড়ানো ছবিগুলো ঘিরে জনমনে সন্দেহ আরও ঘনীভূত হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
১৬ ডিসেম্বর ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের অবস্থান:
এদিকে, সম্প্রতি আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে দাবি করা হয়, আগামী ১৬ ডিসেম্বর বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উড়োজাহাজে চড়ে দেশে ফিরতে চান শেখ হাসিনা এবং এ বিষয়ে বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন। শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলীর বরাতে রয়টার্স জানায়, ২০২৪ সালের ৫ আগস্ট একটি বাংলাদেশি উড়োজাহাজে করে ভারতে যাওয়ার প্রসঙ্গ টেনে দিল্লি থেকে ঢাকায় ফেরার জন্য উড়োজাহাজের ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে।
তবে বাংলাদেশ সরকার স্পষ্ট করেছে যে, ছাত্রনেতৃত্বাধীন অভ্যুত্থানে প্রাণঘাতী দমন-পীড়নের নির্দেশ দেওয়ার অভিযোগে অনুপস্থিতিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে কেবল প্রত্যর্পণ চুক্তির আওতায় দেশে ফিরিয়ে আনা সম্ভব। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির রয়টার্সকে জানান, প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে কঠোর নজরদারিতে ও হাতকড়া পরিয়েই কেবল তাকে দেশে ফেরানো যাবে।

