ইয়েমেনের তাইজ প্রদেশের একটি জনাকীর্ণ বাজারে ভয়াবহ হামলায় অন্তত ৩০ জন নিহত হয়েছেন। শুক্রবার (৬ নভেম্বর) সংঘটিত এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।
হামলার দায় নিয়ে হুথি গোষ্ঠী ও স্থানীয় সরকারি বাহিনীর মধ্যে পরস্পরবিরোধী দাবি পাওয়া গেছে।
ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুথির দাবি, সৌদি আরবের বিমান হামলায় ওই হতাহতের ঘটনা ঘটে। হুথির সংবাদ সংস্থা সাবায় প্রচারিত বক্তব্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আনিস আল-আসবাহি অভিযোগ করেন, সৌদি জোটের বিমান থেকে তাইজের আল-ওয়াজিয়া শহরের বাজারে বেশ কয়েকটি হামলা চালানো হয়। হুথির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি দাবি করেন, সৌদি আরবের খামিস মুশাইত সামরিক ঘাঁটি থেকে উড্ডয়ন করা যুদ্ধবিমান থেকে এই হামলা পরিচালনা করা হয়। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া মরদেহ উদ্ধারে উদ্ধারকর্মীরা কাজ চালিয়ে যাচ্ছেন
অন্যদিকে, ইয়েমেনের সরকারি বাহিনী এবং স্থানীয় কর্তৃপক্ষ হুথির এই দাবি সম্পূর্ণ অস্বীকার করেছে। তাদের অভিযোগ, সৌদি জোটের কোনো বিমান হামলা নয়, বরং হুথি নিজেই বাজার লক্ষ্য করে একটি ধ্বংসাত্মক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। স্থানীয় প্রশাসন এই ঘটনাকে পৈশাচিক ‘যুদ্ধাপরাধ’ হিসেবে আখ্যা দিয়ে এর তীব্র নিন্দা জানিয়েছে।
দীর্ঘদিন ধরে যুদ্ধবিরতি ও তুলনামূলক শান্ত পরিবেশ বজায় থাকার পর চলতি বছরের জুলাই মাস থেকে ইরান-সমর্থিত হুথি ও সৌদি-সমর্থিত সরকারি বাহিনীর মধ্যে নতুন করে তীব্র সংঘাত শুরু হয়েছে।
বিশেষ করে গত সেপ্টেম্বর থেকে হুথিদের বড় ধরনের সামরিক অভিযানের পর থেকে তাইজসহ বিভিন্ন এলাকায় সংঘাতের মাত্রা বহুগুণ বেড়ে গেছে, যা মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।

