ভারতের ঐতিহ্যবাহী আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের (এএমইউ) ১০৫ বছরের ইতিহাস পুনর্লিখন করে এক অভূতপূর্ব নজির সৃষ্টি করেছেন দেশটির নারী শিক্ষার্থীরা।
দীর্ঘ আট বছরের দীর্ঘ প্রতীক্ষা ও টানা আন্দোলনের পর অনুষ্ঠিত এএমইউ ছাত্র সংসদ (এএমইউএসইউ) নির্বাচনে প্রথমবারের মতো ভিপি (সহ-সভাপতি) পদে নির্বাচিত হয়েছেন এক নারী শিক্ষার্থী, নাশরা নাঈম। তার এই জয়ের পাশাপাশি ১৩টি পদের মধ্যে রেকর্ড ৬টিতে নারী প্রার্থীদের জয়লাভ ক্যাম্পাস রাজনীতিতে নারী ক্ষমতায়নের এক নতুন সূচনা হিসেবে দেখা হচ্ছে।
শুক্রবার ঘোষিত নির্বাচনী ফলাফল অনুযায়ী, আইন বিভাগের ২২ বছর বয়সী মেধাবী শিক্ষার্থী নাশরা নাঈম সর্বমোট ৭,০৯১ ভোট পেয়ে ঐতিহাসিক জয় নিশ্চিত করেন। তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাকিব আলি খানকে ১,২৭৩ ভোটের ব্যবধানে পরাজিত করেন (সাকিব পেয়েছিলেন ৫,৮১৮ ভোট)।
অন্যদিকে, এই নির্বাচনে ৭,৭৯৭ ভোট পেয়ে ছাত্র সংসদের সভাপতি বা প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন মোহাম্মদ নোমান আশরাফ এবং ৮,৩৮৫ ভোট পেয়ে সাধারণ সম্পাদক (সেক্রেটারি) হয়েছেন মোহাম্মদ হামদান। এছাড়া ১০টি কার্যনির্বাহী সদস্য পদের মধ্যে ৫টিতেই জয়ী হয়েছেন নারী প্রার্থীরা।
নির্বাচনে ‘জেনারেশন জেড’ তরুণদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং ক্যাম্পাস ইস্যুর বাইরে জাতীয় ও মুসলিম সম্প্রদায়ের অধিকার সুরক্ষার বার্তা বড় প্রভাব ফেলেছে বলে জানান বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।
এএমইউ উপাচার্য অধ্যাপক নাইমা খাতুন এই নির্বাচনকে ক্যাম্পাসের ‘সর্বোচ্চ গণতান্ত্রিক ঐতিহ্যের জয়’ আখ্যা দিয়ে নারী শিক্ষার্থীদের অভাবনীয় সাফল্যকে বিশেষভাবে সাধুবাদ জানিয়েছেন। গত তিন বছর ধরে নিয়মিত নির্বাচন দাবির পর এই শান্তিপূর্ণ ও নজিরবিহীন জয় শতবর্ষী এই বিদ্যাপীঠে নেতৃত্বের এক নতুন দিগন্ত খুলে দিল।
সূত্রঃ দ্য হিন্দু, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ও আন্তর্জাতিক ডেস্ক

