
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: রাজধানীর কড়াইল বস্তিতে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য বই বিতরণ ও স্বাস্থ্যসেবা কার্যক্রমের আয়োজন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) সহসভাপতি ডা. জুবাইদা রহমান।
বুধবার বিকেলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে জেডআরএফ-এর উদ্যোগে এই কর্মসূচি সম্পন্ন করা হয়। ডা. জুবাইদা রহমান শিশুদের হাতে বিভিন্ন শিক্ষামূলক, বিজ্ঞান ও গল্পের বইসহ চকলেট বিতরণ করেন। মোট ১০০ জন শিশুকে একশটি ব্যাগ প্রদান করা হয়।
একই দিনে ডা. জুবাইদা রহমান ‘ফ্রি হার্ট ক্যাম্প’ উদ্বোধন করেন। কড়াইল বস্তির আনসার ক্যাম্প মাঠে এই হেলথ ক্যাম্প ও বিনামূল্য ওষুধ বিতরণ করা হয়। স্থানীয়রা বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে শারীরিক চেকআপ ও প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিতে পারে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেডআরএফ’র নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, বিএনপির উপদেষ্টা আব্দুস সালাম, ড্যাবের কোষাধ্যক্ষ ডা. মেহেদী হাসান এবং অন্যান্য নেতৃবৃন্দ ও চিকিৎসকরা।
এছাড়াও ডা. জুবাইদা রহমান রাজধানীর গুলশানে জেডআরএফ কার্যালয়ে নারীদের স্বাস্থ্য সমস্যার পরামর্শ দিয়েছেন এবং প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদান করেছেন।

























