
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: পবিত্র শবে বরাতকে আল্লাহর রহমত ও ক্ষমা লাভের বিশেষ সুযোগ হিসেবে গ্রহণ করে দেশ ও জাতির সার্বিক কল্যাণে দোয়া এবং মানবকল্যাণে আত্মনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।
শবে বরাত উপলক্ষে সোমবার (২ ফেব্রুয়ারি) দেওয়া এক বাণীতে তিনি বাংলাদেশসহ বিশ্বের মুসলিম জনগোষ্ঠীকে শুভেচ্ছা জানান।
বাণীতে প্রধান উপদেষ্টা বলেন, এই মহিমান্বিত রাতে ইবাদত-বন্দেগি, দান-সদকা, আত্মসমালোচনা ও তওবার মাধ্যমে মহান আল্লাহর নৈকট্য ও ক্ষমা লাভের সুযোগ রয়েছে। গুনাহ থেকে পরিশুদ্ধ হয়ে জীবনকে সঠিক পথে পরিচালিত করার মাধ্যমে আল্লাহ তায়ালার অসীম রহমত, বরকত ও মাগফেরাত অর্জন করা সম্ভব।
তিনি আরও বলেন, শবে বরাতকে আল্লাহর রহমত লাভের এক অনন্য সুযোগ হিসেবে গ্রহণ করে সবাই যেন দেশ ও জাতির কল্যাণে দোয়া করে এবং মানবকল্যাণমূলক কাজে নিজেদের নিয়োজিত করে।
প্রধান উপদেষ্টা সকল অন্যায়, অবিচার, অনাচার ও কুসংস্কার পরিহার করে শান্তির ধর্ম ইসলামের শিক্ষা অনুযায়ী ব্যক্তি, সমাজ ও জাতীয় জীবন গড়ে তোলার আহ্বান জানান।
বাণীর শেষে তিনি বলেন, সর্বশক্তিমান আল্লাহ যেন সবাইকে ক্ষমা ও হেফাজত দান করেন। আমীন।

























